• ‘বাড়িতে পড়াশোনা করা ভালো’ ধর্মেন্দ্র-সাক্ষাতের পরেই যন্তর মন্তরে না-থাকার কারণ জানালেন নিট-টপার
    এই সময় | ২২ জুলাই ২০২৬
  • যন্তর মন্তরে প্রতিবাদ-আন্দোলনে গিয়ে কী হবে! তার চেয়ে বাড়িতে বসে পড়াশোনা করাই শ্রেয় বলে মনে করেন ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি)-য় দ্বিতীয় স্থানাধিকারী পংশুল বনসল। ঘটনাচক্রে, নিটের ফলপ্রকাশের পরেই তাঁর সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যাঁর পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ-আন্দোলনে শামিল হয়েছেন বহু পড়ুয়া।

    পংশুলের সঙ্গে দেখা করার পরে রবিবার নিজের এক্স হ্যান্ডলে ধর্মেন্দ্র লিখেছিলেন, ‘এই অসাধারণ সাফল্যের জন্য ওঁকে অভিনন্দন জানিয়েছি এবং ওঁর কর্মজীবনে সাফল্য কামনা করেছি। ওঁর এই কৃতিত্ব ভারতের তরুণ প্রজন্মের নিষ্ঠা, অধ্যবসায় এবং আকাঙ্ক্ষারই প্রতিফলন। আমি নিশ্চিত যে, উনি ওঁর উৎকর্ষ ও সেবার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অর্থবহ অবদান রাখবেন।’ ঘটনাচক্রে, তার পরে সোমবারই আন্দোলনকারীদের সংসদ অভিযান ঘিরে উত্তাল হয় দিল্লি।

    যদিও পংশুল কখনওই এই আন্দোলনে শামিল হওয়ার কথা ভাবেননি। নিট প্রশ্ন কেলেঙ্কারির জেরে মে মাসের পরীক্ষা বাতিল হওয়ায় প্রথমে তিনি কিছুটা হতাশ হয়েছিলেন বটে, কিন্তু সেই পরিস্থিতিকে ইতিবাচক দিক হিসেবেই দেখেছিলেন পংশুল। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, বিক্ষোভ-আন্দোলনে না গিয়ে গোটা সময়টা বাড়িতে বসেই পড়াশোনা করা যাক। নিজের উন্নতি করা এবং নম্বর বাড়ানোই আমার মূল লক্ষ্য ছিল।

    প্রসঙ্গত, প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পরে গত ২১ জুন আবার নিট হয়। সম্প্রতি যে ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, ১১.২১ লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পংশুল পেয়েছেন ৭১৫ নম্বর (৯৯.৯৯৯৯ পার্সেন্টাইল)। দেশে দ্বিতীয় হয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)