হুগলির হরিপাল ব্লকের বন্দিপুর অঞ্চলের ঘাটড়া গ্রামে তৃণমূল কংগ্রেসের এক বুথ সভাপতিকে ঘিরে অভিনব প্রতিবাদে সরগরম হয়ে উঠল এলাকা। মৃত গাছ বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে তৃণমূলের বুথ সভাপতি মানিক কোলেকে ডিমভাজা খাইয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।
বিজেপি নেতা সুমন রুইদাসের অভিযোগ, তৃণমূলের শাসনকালে মানিক কোলে এলাকার বিজেপি কর্মীদের হুমকি দিয়ে বাড়িছাড়া করেছিলেন। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। সেই সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার এবং মামলা মোকাবিলায় যে আর্থিক খরচ হয়েছে, তা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার দাবিও তোলেন বিজেপি নেতারা।
আরও পড়ুনঃ মৌসুমী অক্ষরেখা সক্রিয়, আজ থেকেই বাড়বে বৃষ্টি! আপনার জেলায় কী পূর্বাভাস?
সুমন রুইদাস বলেন, “আমরা ডিম ছুড়ে ‘ডিম থেরাপি’ করিনি। বরং অভিযুক্ত তৃণমূল নেতাকে ডিমভাজা খাইয়েই আমাদের প্রতিবাদ জানিয়েছি।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক এলাকায় তৃণমূলের নেতা-কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা সামনে আসছে। বড় নেতা থেকে শুরু করে মাঝারি ও বুথস্তরের নেতৃত্ব— অনেকেই এই ধরনের বিক্ষোভের মুখে পড়ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গ্রেফতার তৃণমূল নেতাদের আদালতে নিয়ে যাওয়ার সময় ডিমের আঘাত এড়াতে পুলিশকে তাঁদের হেলমেট পরিয়ে নিয়ে যেতে হচ্ছে।এই ঘটনাকে ঘিরে হুগলির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিজেপির এই অভিনব প্রতিবাদ ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।