• চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, যাত্রীদের হাতে ধরা পড়ে নিজের গালে চড় অভিযুক্তে
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • শিয়ালদহ-হাসনাবাদ শাখার একটি চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগ, ট্রেনে ভিড়ের সুযোগ নিয়ে এক যুবক এক মহিলা যাত্রীর শ্লীলতাহানি করেন। ওই মহিলা চিৎকার করে প্রতিবাদ জানাতেই অন্যান্য যাত্রীরা অভিযুক্তকে ধরে ফেলেন।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপর অভিযুক্ত যুবককে ট্রেনের মধ্যেই ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করেন ক্ষুব্ধ যাত্রীরা। ঘটনার খবর দেওয়া হয় রেল পুলিশকে। পুলিশ পৌঁছানোর আগেই জনরোষের মুখে পড়ে অভিযুক্ত যুবক নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে শুরু করেন। এমনকী পুলিশের হাতে তুলে না দেওয়ার আবেদন জানিয়ে নিজের গালে নিজেই এলোপাতাড়ি চড় মারতে থাকেন বলে অভিযোগ।

    এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি এই সংবাদমাধ্যম।

    আরও পড়ুনঃ ‘ডিম থেরাপি’ নয়, তৃণমূল নেতার কপালে জুটল ডিমভাজা! হুগলিতে বিজেপির অভিনব প্রতিবাদ

    খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে যাত্রীদের হাত থেকে উদ্ধার করে আটক করে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারী মহিলার বক্তব্যও নথিভুক্ত করা হচ্ছে বলে রেল পুলিশ সূত্রে খবর।

    ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা এবং চলন্ত ট্রেনে মহিলাদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। রেল পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    অন‍্যদিকে, মে মাসের পালাবদলের পর বাংলায় কুইক অ্যাকশন চালাচ্ছে পুলিশ। জুলাই মাসে ক্যানিংয়ে পড়ুয়ার শ্লীলতাহানিতে সঙ্গে সঙ্গে গ্রেফতারি। অষ্টম শ্রেণির পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ। টোটোতে চড়ে পড়ুয়ার পিছু নেওয়ার অভিযোগ। রাস্তায় টানাহেঁচড়ার চেষ্টারও অভিযোগ। পড়ুয়ার দিদি প্রতিবাদ করলে তাঁকে ‘গালাগালি’। তদন্তে নেমেই ৪ অভিযুক্তকে পাকড়াও ক্যানিং থানার।
  • Link to this news (News18 বাংলা)