• ভেঙে পড়ল শ্রাবণী মেলার বিশাল তোরণ, বন্ধ তারকেশ্বর রোড
    এই সময় | ২২ জুলাই ২০২৬
  • আচমকাই ভেঙে পড়ল শ্রাবণী মেলা উপলক্ষে লাগানো আলোর বিশাল তোরণ। তার জেরে আপাতত বন্ধ ব্যস্ত তারকেশ্বর রোড।

    হুগলির বৈদ্যবাটিতে আরএমসি মার্কেটের সামনে তারকেশ্বর রোডের উপরেই তোরণটি বসানো হয়েছিল। বুধবার দুপুর ১টা নাগাদ হঠাৎ দমকা হাওয়ায় সেটি ভেঙে পড়ে। তার ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকেরা। ভেঙে পড়া তোরণ রাস্তা থেকে সরানোর কাজ শুরু হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, তারকেশ্বরের পুণ্যার্থীদের জন্য তোরণটি তাড়াহুড়ো করে বানানো হয়েছিল। বাঁশ বা শালবল্লা মাটির যতটা গভীরে পোঁতা উচিত ছিল, তা করা হয়নি। মাটি অল্প খুঁড়েই বাঁশ পুঁতে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের।

    গত ১৮ জুলাই থেকে শ্রাবণী মেলা শুরু হয়েছে। এই তারকেশ্বর রোড দিয়েই প্রতিদিন বহু পুণ্যার্থী তারকেশ্বরের শিবমন্দিরে যান। এই ঘটনায় অবশ্য কেউই জখম হননি। প্রশাসনিক সূত্রে খবর, তোরণ কেন ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)