সল্টলেক সিটি সেন্টারের মেট্রো স্টেশনের পিলারে ফাটল। বুধবার সকালে মেট্রো স্টেশনের পিলারটিতে ফাটল লক্ষ্য করেন যাত্রীরা। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে যান মেট্রোর ইঞ্জিনিয়াররা। কী কারণে ফাটল দেখা গিয়েছে, তা খতিয়ে দেখা হয়। যদিও এই কারণের জন্য মেট্রো চলাচল ব্যাহত হয়নি।
জানা গিয়েছে, মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র আধিকারিক, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান। মেট্রোর তরফে জানানো হয়েছে, ওই পিলারের বাইরের অংশে ফাটলটি ধরা পড়েছে। এই ফাটলের জন্য পিলারের কোনও ক্ষতি হয়নি। দ্রুত মেরামতির কাজ করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে মেট্রোর তরফে। ফলে স্টেশন নিরাপদ এবং যাত্রীরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারেন বলেও জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।