• বারুইপুর কাণ্ডে মিলল না জামিন
    আজকাল | ২২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বারুইপুরে নাবালিকার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ছড়ানো অশান্তি ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ধৃত সিপিএম নেতা লাহেক আলিকে ফের তিন দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত। টানা আট দিনের হেফাজতের মেয়াদ শেষে গত মঙ্গলবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। শুনানির সময় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনার পর বিচারক ওই সিপিএম নেতাকে আরও তিন দিন পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

    গত ৯ জুলাই বারুইপুরে এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা বিচার চেয়ে পথঅবরোধ ও রেল অবরোধ করেন, এমনকি পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ ওঠে। সেই হিংসাত্মক পরিস্থিতির রেশ ধরে সন্দেহের বশে ইন্দ্রজিৎ দাস নামে এক যুবককে পিটিয়ে মেরে ফেলার মতো নৃশংস ঘটনাও ঘটে। পুলিশ প্রশাসনের দাবি, এলাকার এই আইনশৃঙ্খলার অবনতি ও হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টিতে মূল ইন্ধন জুগিয়েছিলেন স্থানীয় সিপিএম নেতা লাহেক আলি। সেই অভিযোগেই গত ১২ জুলাই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরদিন আদালতে তোলা হলে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

    আদালতে শুনানির সময় সরকারি আইনজীবী বিভাস মুখোপাধ্যায় দাবি করেন, তদন্ত অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। হেফাজতে থাকাকালীন ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করা হলেও মামলাটি নিষ্পত্তি করতে তাঁকে আরও জেরা করা প্রয়োজন। এই যুক্তিতে পুলিশ আরও ছয় দিনের হেফাজতের আবেদন জানিয়েছিল।

    অন্যদিকে, ধৃতের পক্ষে আইনজীবী সায়ন ব্যানার্জি পুলিশের এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। তিনি আদালতে সওয়াল করেন যে, টানা আট দিন পুলিশ হেফাজতে রেখেও তদন্তে নতুন কোনো উল্লেখযোগ্য তথ্য সামনে আনতে পারেনি পুলিশ। তিনি পুরো ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর মক্কেলকে উদ্দেশ্যমূলকভাবে ‘জেহাদি’ আখ্যা দিয়ে কুৎসা চালানো হচ্ছে।

    দু’পক্ষের বক্তব্য ও যুক্তিতর্ক শুনে বিচারক ছয় দিনের পরিবর্তে তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। আদালত থেকে বেরোনোর সময় ধৃত সিপিএম নেতা লাহেক আলি নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেন এবং সংবাদমাধ্যমের সামনে জানান, মিথ্যা মামলা দিয়ে বামপন্থীদের আন্দোলন স্তব্ধ করা যাবে না।
  • Link to this news (আজকাল)