আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের আর্থিক জবাবদিহি ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির কার্যকারিতা পুনরুদ্ধারে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবে তিনি জানান, দীর্ঘদিন ধরে বিধানসভায় পেশ না হওয়া কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)-এর রিপোর্ট এবং লোকায়ুক্তের বার্ষিক রিপোর্ট এবার নিয়ম মেনে বিধানসভায় আনা হবে। পাশাপাশি ক্যাগের রিপোর্টে দুর্নীতির প্রমাণ মিললে অভিযুক্ত ব্যক্তি যে-ই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২৫ জুলাই বিধানসভায় ক্যাগের রিপোর্ট পেশ করা হবে। পরবর্তী অধিবেশনে সেই রিপোর্টের সুপারিশগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকার ক্যাগ ও লোকায়ুক্ত—দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানের রিপোর্টই বিধানসভায় পেশ করার বাধ্যবাধকতা পালন করেনি।
আমফান দুর্নীতির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় আমফানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দুই দফায় ৩,৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছিল। সেই অর্থ বণ্টনে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় এবং আদালতের নির্দেশে বিশেষ ক্যাগ তদন্তও হয়। তাঁর দাবি, সেই বিশেষ অডিট রিপোর্ট কখনও প্রকাশ্যে আনা হয়নি বা বিধানসভায় পেশ করা হয়নি। এমনকি রিপোর্টে যাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল, তাঁদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করা হয়নি।
একইসঙ্গে তিনি জানান, ইউনিফর্ম সিভিল কোড (UCC) সংক্রান্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট হাতে এলেই তা নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকার সুপারিশ করা হবে। সেই অধিবেশনেই আমফান সংক্রান্ত বিশেষ ক্যাগ রিপোর্ট-সহ অন্যান্য ক্যাগ রিপোর্ট নিয়েও আলোচনা করার প্রস্তাব জানানো হবে।