• লিভ ইন সম্পর্কের জের! হোটেল থেকে উদ্ধার বধূর দেহ
    আজকাল | ২২ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফের পরকীয়ার ভয়ঙ্কর পরিণতি। আবারও ঘটনাস্থল সেই উত্তর ২৪ পরগনা। এবার মধ্যমগ্রামের এক হোটেল থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। নেপথ্যে সেই বিবাহবহির্ভূত সম্পর্ক! 

    উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি হোটেল থেকে ৩৮ বছর বয়সি এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর ঘনিষ্ঠ এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের ব্ল্যাক ডায়মন্ড হোটেলের কর্মীরা খবর দেন যে, হোটেলের ১০১ নম্বর রুমের গেস্ট দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ অবস্থায় রয়েছেন। ডাকাডাকি করেও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। 

    ওই রুমটি ভাড়া নিয়েছিলেন রিনা রাম (৩৮)। তিনি পাটুলি শিবতলার নারকেল বাগান এলাকার বাসিন্দা। এরপর এই খবর দেওয়া হয় পুলিশে। 

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই দেখা যায় সেখানে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় রিনা রামের দেহ। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। 

    প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রিনা রাম দীর্ঘদিন ধরে স্বামীর থেকে আলাদা থাকতেন। তদন্তে আরও উঠে এসেছে, পাটুলি শিবতলার বাসিন্দা গৌরব শেঠ ওরফে রাহুল (২৯)-এর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পুলিশ সূত্রের দাবি, রিনা প্রায়ই ওই হোটেলে ঘর ভাড়া নিয়ে থাকতেন এবং গৌরব সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যেতেন। 

    তদন্তে আরও জানা গিয়েছে, গত ১৮ জুলাই গৌরব শেষবার হোটেলে এসেছিলেন। মৃতার পরিবারের সদস্যদের দাবি, কয়েকদিন আগে রিনা ও গৌরবের মধ্যে বচসা হয়েছিল। তাঁদের অভিযোগ, রিনার মৃত্যুর জন্য গৌরবই দায়ী। সেই অভিযোগের ভিত্তিতে গৌরব শেঠকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনা তদন্ত চলছে।
  • Link to this news (আজকাল)