আজকাল ওয়েবডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এলেন ইডি দপ্তরে মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র। বুধবার সকাল ১১ টায় পুর নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছিল ইডি। নির্ধারিত সময় মতই কামারহাটি বিধায়কের পুত্র শুভরূপ মিত্র আসেন ইডি দপ্তরে। কামারহাটি পৌরসভায় ১২৫ জনের চাকরি দুর্নীতি হয়েছিল সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব। অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল সেইসব বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সূত্রের খবর।
প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই তলব করা হল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। আগামী সপ্তাহে ২৯ শে জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
সম্প্রতি মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। কামারহাটি পুরসভায় দুর্নীতি হয়েছে এই অভিযোগেই তলব এমনটাই সূত্রের খবর। চলতি সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। পাশাপাশি, হাজিরার দিন তাঁদের একাধিক নথিও সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ইডি সমন পাঠানোর পরই তৃণমূলের 'ঋতব্রত শিবিরে' আনুষ্ঠানিক ভাবে যোগ দেন তিনি।
ইডি-র তরফে অভিযোগ ১২৫ জনকে ঘুষের বিনিময়ে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থার তরফে এই ঘটনার তদন্তে দক্ষিণেশ্বর থেকে ভবানীপুর, মদনের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়।
উল্লেখ্য, গত জুন মাসেও মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালায় ইডি। কলকাতা ছাড়াও শহরতলির সাতটি জায়গায় তল্লাশি চালানো হয়। এমনকি তাঁর ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকেরা। এ ছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটা অঞ্চলেও সেই সময় তল্লাশি চালায় ইডি।
এই একই মামলায় গত বছরের অক্টোবরে মদনের বাড়িতে তল্লাশি চালায় সিবিআইও। সেই সময়ে তাঁর বাড়িতে টানা পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা।