• অমরনাথের যাত্রাপথে জঙ্গি হামলা! সন্ত্রাসবাদীদের গুলিতে অনন্তনাগে শহিদ জওয়ান
    প্রতিদিন | ২২ জুলাই ২০২৬
  • সতর্কবার্তা ছিলই। আশঙ্কাকে সত্যি করে এবার অমরনাথের যাত্রাপথে (Amarnath Yatra) জঙ্গি হামলা। বুধবার দুপুরে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রীদের নিরাপত্তায় নিযুক্ত নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। এই হামলায় শহিদ হয়েছেন এক পুলিশকর্মী। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবারও অনন্তনাগের লালচক এলাকায় টহল দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। দুপুর ১২.৩০ নাগাদ এখানেই অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত হন এক হেড কনস্টেবল। আশিক হুসেইন কুরেশি (৩৫) নামে ওই জওয়ানকে আহত অবস্থায় দ্রুত অনন্তনাগ মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বিপুল সংখ্যায় নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে জোরকদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

    উল্লেখ্য, অমরনাথ যাত্রা অন্যতম প্রধান রুট জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলা। প্রতিবছর এই পথে হাজার হাজার তীর্থযাত্রী অমরনাথ দর্শনে যান। নিরীহ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলার আশঙ্কায় এই সময়ে অঞ্চলগুলি নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া থাকে। সেখানে জঙ্গি হামলা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে সম্প্রতি অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে প্রশাসনের তরফে। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি যে বা যারা এই হামলা চালিয়েছে তাদের যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)