• ৭৭ বছর বয়সেও সাইকেলে তীর্থ ভ্রমণ, পশুপতিনাথের পথে বাঁকুড়ার জওহরলাল
    প্রতিদিন | ২২ জুলাই ২০২৬
  • বয়স ৭৭। অনেকেই যখন চলাফেরায় লাঠির ভরসা খোঁজেন, তখন বাঁকুড়ার জওহরলাল সাহার ভরসা একটি সাইকেল। সেই সাইকেলেই তিনি পাড়ি দিয়েছেন সীমান্ত পেরিয়ে নেপালের পশুপতিনাথ মন্দিরের উদ্দেশে। তাঁর কাছে এই যাত্রা শুধু তীর্থভ্রমণ নয়, ভক্তি, বিশ্বাস এবং আত্মবিশ্বাসের এক অনন্য সাধনা। কাঁধে প্রয়োজনীয় সামগ্রী, সাইকেলের হ্যান্ডেলে বাঁধা ছোট্ট ব্যাগ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে পথচলা। সামনে শত শত কিলোমিটার রাস্তা, তবু চোখে-মুখে ক্লান্তির ছাপ নেই। বরং রয়েছে মহাদেবের দর্শনের অদম্য আকাঙ্ক্ষা।

    এটাই অবশ্য জওহরলালের প্রথম সাইকেল-তীর্থ নয়। এর আগে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের একাধিক পবিত্র তীর্থস্থানেও তিনি সাইকেল চালিয়েই পৌঁছে গিয়েছেন। প্রতিবারই তাঁর সফরের মূল প্রেরণা ছিল আধ্যাত্মিক টান।

    তাঁর কথায়, “ভক্তি থাকলে পথের কষ্ট আর কষ্ট বলে মনে হয় না।” স্থানীয়দের চোখে জওহরলাল এখন অনুপ্রেরণার অন্য নাম। তাঁদের মতে, এই বয়সে এমন সাহসিকতা শুধু শারীরিক সক্ষমতার পরিচয় নয়, মানসিক দৃঢ়তারও বিরল দৃষ্টান্ত। ব্যস্ত সময়ের যান্ত্রিক জীবনে জওহরলাল যেন মনে করিয়ে দিচ্ছেন, ইচ্ছাশক্তি আর বিশ্বাস থাকলে বয়স কেবল ক্যালেন্ডারের একটি সংখ্যা। তাঁর সাইকেলের চাকার সঙ্গে তাই ঘুরে চলেছে এক মানুষের অদম্য স্বপ্ন আর ভক্তির গল্প। তাই এই বয়সেও সাইকেলে চেপে নেপালের পশুপতিনাথ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। 
  • Link to this news (প্রতিদিন)