লক্ষ্য সংখ্যালঘুদের মন পাওয়া! দলের আদর্শ প্রচারে এবারে বড় সিদ্ধান্ত বঙ্গ বিজেপির
প্রতিদিন | ২২ জুলাই ২০২৬
উত্তর দিনাজপুরের বিভিন্ন পঞ্চায়েত দখল করতে সংখ্যালঘু এলাকায় সংগঠন শক্তিশালীর লক্ষ্যে বুথ ভিত্তিক কার্যক্রমে নেমে পড়ল স্থানীয় বিজেপি নেতৃত্ব। দলের জেলা নেতৃত্বের নির্দেশে জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে প্রথমে বুথভিত্তিক ছোট ছোট বৈঠকের মাধ্যমে দলের নীতি আদর্শ প্রচারের কর্মসূচির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শুধু তাই নয়, আরও বেশ কিছু কর্মসূচি নেওয়া হচ্ছে বলেও খবর।
বস্তুত, সংখ্যালঘু এলাকায় সাংগঠনিক শক্তি দুর্বল হওয়ায় এবারও জেলার চারটি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভায় দলীয় প্রার্থীরা পরাজিত হয়েছে। এই আবহে দলীয় নির্দেশ কার্যকর করতে সোমবার থেকে চোপড়া ব্লক জুড়ে বুথ সভা শুরু হল। চোপড়া বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীকে হারতে হয়েছে। সবদিক বিবেচনা করে সীমান্তবর্তী দাসপাড়া পঞ্চায়েতের মারুগছের ১২০ নম্বর বুথে ভোটের পর প্রথম বিজেপির স্থানীয় নেতৃত্বের উদ্যোগে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই বুথে বিজেপি বিশেষ নজর দিয়েছে বলে দলীয় সুত্রে খবর।
তবে এহেন বুথ বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নজিরবিহীন উপস্থিতি বাংলা দখল করার পর প্রথম। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। এই সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম বর্মন, জেলার সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি জিয়ারুল হক সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। অসীম বর্মন বলেন, “ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার কাজ শুরু হয়ে গিয়েছে। সংখ্যালঘু ভাইয়েরা আজ যথেষ্ট সচেতন। বিগত ১৫ বছর ধরে টিএমসি সরকার তাদের ভুল বুঝিয়ে ও ভাওতা দিয়ে রেখেছিল। কিন্তু আজ তারা সত্যিটা বুঝতে পেরেছে এলাকার প্রকৃত উন্নয়ন, শান্তি, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান কেবল বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ সরকারের মাধ্যমেই সম্ভব। তাই তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে।” তবে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, “সকল সংখ্যালঘু মানুষজনকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এলাকা এবং রাজ্যকে সমৃদ্ধ করি।”