• পুরনো খবরের কাগজ দিয়ে ঘরের সাজসজ্জা, ফেলে দেওয়া জিনিসের শিল্প অবাক করবে
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • প্রচারের আলো তাঁর একেবারেই না-পসন্দ। সাদামাঠা জীবনে অভ্যস্ত মানুষটির ধ্যানজ্ঞান শুধুই শিল্পকলা। কোনও প্রাতিষ্ঠানিক অহঙ্কার নেই তাঁর। তবে আছে এক অদম্য জেদ আর শিল্পের প্রতি নিখাদ ভালবাসা। তিনি পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বলভদ্রপুর এলাকার বাসিন্দা বরুণ সাহু। পেশাগতভাবে তিনি অন্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও, তাঁর আসল নেশা নিত্যনতুন শিল্পকর্ম তৈরি করা। আর তাঁর সেই হাতের ছোঁয়াতেই বাতিল জিনিসপত্র নিমেষে পেয়ে যায় নতুন জীবন।

    ছোটবেলায় দাদার কাছেই ছবি আঁকায় হাতেখড়ি হয়েছিল তাঁর। এরপর নিজের ইচ্ছাশক্তিতে ভর করেই শিল্পের পথে এগিয়ে চলা। প্রথাগত রং-তুলির গণ্ডি পেরিয়ে বরুণবাবু বরাবরই চেয়েছেন নতুন কিছু করতে। ২০০৮ সালে ক্র্যাফ্‌ট ও আঁকার একটি বিশেষ কোর্স করার পর থেকেই ফেলে দেওয়া জিনিস নিয়ে কাজ শুরু করেন তিনি। তাঁর শিল্পকর্মের মূল উপকরণ হল পুরনো খবরের কাগজ। বাতিল খবরের কাগজ জলে ভিজিয়ে মণ্ড তৈরি করে, তার সঙ্গে আঠা মিশিয়ে নেন শিল্পী।

    এরপর সরু তারের কাঠামোর ওপর সেই মণ্ডের প্রলেপ দিয়ে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলেন এক একটি ভাস্কর্য। কাগজের মণ্ড ছাড়াও, কাগজ মুড়িয়েও নানা ধরনের ঘর সাজানোর দৃষ্টিনন্দন জিনিস তৈরি করেন তিনি। তাঁর তৈরি শিল্পকর্মগুলি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বাতিল খবরের কাগজেই জীবন্ত হয়ে ওঠে রিকশাচালকের মাল টানার দৃশ্য, করোনাকালে পরিযায়ী শ্রমিকদের পায়ে হেঁটে বাড়ি ফেরার মর্মান্তিক ছবি কিংবা কোনও গণ আন্দোলনের রেপ্লিকা।

    সমাজের চারপাশের চেনা ছবিগুলিকেই যেন নিপুণ দক্ষতায় শিল্পের মাধ্যমে ধরে রাখতে চান তিনি। সম্প্রতি তাঁর এই অনবদ্য কাজগুলি প্রকাশ্যে আসতেই মুগ্ধ হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পানুরাগীরা। প্রত্যন্ত গ্রামের এই নিভৃতচারী শিল্পীর কাজ ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি, ফেলে দেওয়া জিনিসকে এমন সুন্দরভাবে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব শিল্প সৃষ্টির এই অভিনব ভাবনা আগামী যুব প্রজন্মের কাছেও এক ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে
  • Link to this news (News18 বাংলা)