• ১৩ লক্ষ টাকার স্লুইস গেট ছ'মাসেই গুঁড়ো! বাংলাদেশের জল ঢুকতেই মাথায় হাত বাগদার কৃষকদের
    News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
  • : বাংলাদেশের কপোতাক্ষ নদীর জল ঢুকে প্লাবিত ভারতের চাষের জমি! স্লুইস গেট পুনর্নির্মাণের দাবিতে সরব সীমান্ত এলাকার কৃষকরা। বাংলাদেশের কপোতাক্ষ নদীর জল ঢুকে ফের প্লাবিত হল ভারতের সীমান্তবর্তী বিস্তীর্ণ কৃষিজমি। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের বয়রা সীমান্ত এলাকায় বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। ক্ষতিগ্রস্ত হয়েছে ধান-সহ বিভিন্ন মরশুমি ফসল। এই পরিস্থিতি থেকে বাঁচতে প্রশাসনের কাছে নতুন করে দ্রুত স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন ক্ষতির সম্মুখীন হওয়া কৃষকরা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর বর্ষার সময় বাংলাদেশের কপোতাক্ষ নদীর জল সীমান্ত পেরিয়ে ভারতের লক্ষ্মীপুর, মেহরানি-সহ একাধিক এলাকায় ঢুকে পড়ে। ফলে প্রায় ৫০০ থেকে ৭০০ বিঘা কৃষিজমি প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই সমস্যা রোধে প্রায় দু’বছর আগে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় বয়রা গ্রাম পঞ্চায়েত সীমান্ত সংলগ্ন বাগমারিতলা শ্মশানঘাটের পাশে, জিরো পয়েন্টের অদূরে একটি স্লুইস গেট নির্মাণ করা হয়। প্রকল্পে প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয় হয়েছিল। কিন্তু চলতি বর্ষায় সেই স্লুইস গেট ভেঙে যাওয়া অংশ দিয়ে আবারও নদীর জল ভারতের দিকে ঢুকে পড়েছে। এর জেরে বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে এবং বহু কৃষকের ফসল নষ্ট হয়েছে।

    ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, “নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্মাণে ত্রুটির কারণেই স্লুইস গেটটি দীর্ঘস্থায়ী হয়নি। ক্ষতিগ্রস্ত চাষ চাষিরা জানান, অতীতে নদীর জল ঢুকে প্লাবিত হতো। তাই করা হয়েছিল লক গেট, সরকারি টাকা ব্যয় লক গেট স্থায়ী হল না কয়েক বছরও। আবারও আমরা সেই একই সমস্যার সম্মুখীন হলাম। আমাদের জীবন জীবিকা চলে এই চাষ আবাদের উপর সেই জায়গায় দাঁড়িয়ে জলে প্লাবিত হওয়ার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হলাম এর ক্ষতিপূরণ কীভাবে হবে! সরকার আমাদের পাশে দাঁড়াক সাহায্য করুক। না হলে সংসার চালানো দায় হয়ে পড়বে।”

    দ্রুত ক্ষতিগ্রস্ত স্লুইস গেট ভেঙে নতুন করে শক্তপোক্ত গেট নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)