সুন্দরবনের নদীতে মাছ ধরার নিয়মে বদল! পাশ নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের, মানতে নারাজ মৎস্যজীবীদের
News18 বাংলা | ২২ জুলাই ২০২৬
: সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়া নিয়ে তৈরি হল জটিলতা। অনুমতিপত্র বা পাশ ইস্যু নিয়ে এই নতুন জটিলতা তৈরি হয়েছে। এতদিন জঙ্গলের নদীতে মাছ ধরার জন্য সুন্দরবন টাইগার রিজার্ভের ক্যানিং রেঞ্জ অফিস থেকেই পাশ দেওয়া হত। তবে এবার সেই পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে বলে দাবি মৎস্যজীবীদের। তাঁদের অভিযোগ, ক্যানিং রেঞ্জ অফিস থেকে আর পাশ দেওয়া হবে না বলে জানিয়েছেন টাইগার রিজার্ভের আধিকারিকরা। পরিবর্তে বসিরহাট রেঞ্জের ঝিলা ও সজনেখালি বিট অফিসে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ক্যানিং, বাসন্তী, কুলতলি-সহ বিস্তীর্ণ এলাকার মৎস্যজীবীরা সমস্যার মুখে পড়েছেন।
মৎস্যজীবীদের বক্তব্য, সজনেখালি বা ঝিলায় যেতে হলে নদী পার হয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। একদিনে গিয়ে আবেদন করে ফিরে আসা কার্যত সম্ভব নয়। বিশেষ করে মহিলা মৎস্যজীবীদের জন্য এই প্রক্রিয়া আরও দুর্ভোগের। তাই আগের মতো ক্যানিং রেঞ্জ অফিস থেকেই পাশ ও অনুমতিপত্র দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত সেই দাবির কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে ক্যানিং, বাসন্তী-সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা এখনও নতুন নিয়মে পাশ সংগ্রহ করতে যাননি। অথচ জুলাই মাস থেকেই মাছ ধরার মরশুম শুরু হয়েছে। ফলে অনুমতিপত্রের জট না কাটায় জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বহু মৎস্যজীবী। সুন্দরবন মৎস্যজীবী যৌথ সংগ্রাম কমিটির সম্পাদক গোবিন্দ দাস বলেন, “হঠাৎ কেন সজনেখালি থেকে পাশ বা অনুমতিপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আমাদের জানা নেই। আমরা এর তীব্র বিরোধিতা করেছি এবং বারবার আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। কিন্তু এখনও কোনও সমাধান হয়নি। তাই আমাদের এলাকার কেউই নদী পেরিয়ে সজনেখালিতে পাস নিতে যাননি।”