• ১০০ নয়, ৮৫ শতাংশ বকেয়া DA মেটানোর প্রস্তাব রাজ্যের, সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট থেকে আর কী জানা যাচ্ছে?
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • বকেয়া মহার্ঘ ভাতার ১০০ শতাংশই মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে রাজ্য সরকার ৮৫ শতাংশ মেটাতে চাইছে। বুধবার শীর্ষ আদালতে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট থেকে জানা গিয়েছে এমনটাই। চারটি কিস্তিতে এই টাকা মেটানো হবে। সুপ্রিম কোর্টের কাছে বাকি ১৫ শতাংশের ছাড় চেয়েছে রাজ্য সরকার।

    এক নজরে

    রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২৮ সালের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার ৮৫ শতাংশের পুরোটাই মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য। চার কিস্তিতে এই টাকা রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত প্রতিষ্ঠানের কর্মীদের দেওয়া হবে।

    প্রায় প্রায় ১ লক্ষ ৩৪ হাজার কর্মীর মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। এই অঙ্কটা বিপুল। একই সঙ্গে রাজ্যের উপরে বিশাল আর্থিক বোঝা রয়েছে। তাই বকেয়া মেটানোর ক্ষেত্রে ১৫ শতাংশের ছাড়ের আবেদন করা হয়েছে বলে স্ট্যাটাস রিপোর্ট থেকে জানা গিয়েছে।

    ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা বাবদ রাজ্য সরকারি কর্মীদের প্রায় ১১,৯৮৩ কোটি টাকা দিতে হবে। এই বিপুল অঙ্কের টাকা একসঙ্গে মেটানো সম্ভব নয় বলেই চার দফায় বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য। স্ট্যাটাস রিপোর্টে শীর্ষ আদালতকে রাজ্য সরকার জানিয়েছে, প্রথম দফায় প্রায় ৭,৭৭১ কোটি টাকা ইতিমধ্যেই (জুলাইতে) ছেড়ে দেওয়া হয়েছে।

    দ্বিতীয় কিস্তির টাকা ২০২৭ সালের জানুয়ারিতে, তৃতীয় কিস্তি ওই বছরেরই জুলাইতে এবং চতুর্থ কিস্তির টাকা ২০২৮-এর জানুয়ারি মাসে মেটানো হবে বলে শীর্ষ আদালতে জানিয়েছে রাজ্য সরকার।

    রাজ্যের বক্তব্য, বকেয়া ডিএ পরিশোধের ক্ষেত্রে শুধু অর্থের জোগানই নয়, হিসাবনিকাশের জটিলতাও বড় চ্যালেঞ্জ। প্রায় ১১ বছরের বকেয়া রয়েছে। প্রত্যেক কর্মী ও পেনশনভোগীর দীর্ঘ সময়ের বেতনের তথ্য আলাদাভাবে যাচাই করতে হচ্ছে। সংগ্রহ করতে হচ্ছে ট্রেজারির তথ্য। বিভিন্ন দপ্তরের ভিন্ন ভিন্ন বেতন কাঠামো হওয়ায় গোটা প্রক্রিয়াটি শুধু জটিল নয়, সময়সাপেক্ষও। তাছাড়া হিসেবটাও একেবারে করা সম্ভব হচ্ছে না।

    রাজ্য আরও জানিয়েছে, ২০১৬ সালের আগের বেতন সংক্রান্ত নথিপত্র ডিজিটালি মজুত নেই। পুরোটাই রয়েছে খাতায়কলমে। সেগুলি মিলিয়ে দেখতে হচ্ছে। তাই সময় লাগছে অনেক। খরচও হচ্ছে বিপুল। এর উপরে আর্থিক বোঝা তো রয়েছেই। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের কাছে ১০০ শতাংশের বদলে ৮৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর আবেদন করেছে রাজ্য সরকার।

    ১. সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিয়েছিল?

    রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার (DA) ১০০ শতাংশ পরিশোধ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

    ২. স্ট্যাটাস রিপোর্টে রাজ্য সরকার কী জানিয়েছে?

    রাজ্য জানিয়েছে, ১০০ শতাংশ নয়, ৮৫ শতাংশ বকেয়া DA চার কিস্তিতে পরিশোধ করতে চায়। বাকি ১৫ শতাংশের ক্ষেত্রে ছাড় চাওয়া হয়েছে।

    ৩. কেন ১৫ শতাংশ ছাড় চাইছে রাজ্য?

    রাজ্যের দাবি, বিপুল আর্থিক বোঝা, দীর্ঘ ১১ বছরের হিসাব যাচাই, পুরনো নথির ডিজিটাল রেকর্ড না থাকা এবং প্রশাসনিক জটিলতার কারণে সম্পূর্ণ বকেয়া একসঙ্গে মেটানো সম্ভব নয়।

    ৪. মোট কত টাকা বকেয়া DA বাবদ দিতে হবে?

    স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া DA বাবদ প্রায় ১১,৯৮৩ কোটি টাকা পরিশোধ করতে হবে।

    ৫. কত জন কর্মী এই বকেয়া পাবেন?

    প্রায় ১ লক্ষ ৩৪ হাজার সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার-পোষিত প্রতিষ্ঠানের কর্মী এই বকেয়া DA-র আওতায় রয়েছেন বলে জানিয়েছে রাজ্য।

    ৬. পুরনো বেতনের হিসাব করতে সমস্যা কোথায়?

    রাজ্যের দাবি, ২০১৬ সালের আগের অনেক বেতনের নথি ডিজিটাল আকারে নেই। তাই নতুন পোর্টাল তৈরি করে তথ্য সংগ্রহ ও যাচাই করতে হচ্ছে, যার ফলে পুরো প্রক্রিয়ায় সময় ও খরচ দুটোই বাড়ছে।

  • Link to this news (এই সময়)