• ৫ বছরে ১.৪ লক্ষ কোটির জালিয়াতি, উদ্ধার মাত্র ৬ হাজার কোটি
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত পাঁচ বছরে ব্যাংক জালিয়াতিতে যে পরিমাণ অর্থ হাতছাড়া হয়েছে, তার সিংহভাগই উদ্ধার করতে ব্যর্থ মোদি সরকার। রাজ্যসভার তৃণমুল সাংসদ সাগরিকা ঘোষের এক লিখিত প্রশ্নের জবাবে এমনই তথ্য সামনে এসেছে। সাগরিকার প্রশ্ন ছিল, গত পাঁচ বছরে কত টাকার ব্যাংক জালিয়াতি (ফ্রড) হয়েছে? কত উদ্ধার হয়েছে? জবাবে অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিতভাবে জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকের হিসাব মতো সরকারি-বেসরকারি ব্যাংকে গত পাঁচ বছরে ১ লক্ষ ৪২ হাজার ১১২ কোটি টাকা জালিয়াতি হয়েছে। আর উদ্ধার হয়েছে সাকুল্যে ৬ হাজার ৩৮৯ কোটি টাকা। অর্থাৎ মাত্র ৪.৪৯ শতাংশ। 

    অন্যদিকে, মনরেগা হোক বা আবাস যোজনা, গরিবের প্রাপ্য মেটাতে তৃণমূল লাগাতার চেষ্টা চালালেও সাড়া দেয়নি মোদি সরকার। মেটায়নি অর্থ। তবে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হতেই এখন গ্রামোন্নয়নে দেওয়া হচ্ছে টাকা। যদিও সরকার বলছে, প্রকল্প ভিত্তিক অর্থ বরাদ্দ, অনুমোদনের বিষয়টির মধ্যে কোনো রাজনীতি নেই। তবে সরকার মুখে যাই বলুক না কেন, সরকারের উদ্যোগের ‘সময়’ই বুঝিয়ে দিচ্ছে বিজেপির ডাবল ইঞ্জিন বলেই পরের পর দিল্লি থেকে যাচ্ছে অর্থ। মঙ্গলবার বিদ্রোহী তৃণমূল সাংসদ (যাঁরা নিজেদের এনসিপিআই বলেই দাবি করছেন) দীপক অধিকারী (দেব)-র এক লিখিত প্রশ্নে সরকারের জবাবেই তা স্পষ্ট। 

    প্রশ্ন ছিল, গত দু মাসে পশ্চিমবঙ্গে গ্রামোন্নয়নের কোনো প্রকল্পে কি আদৌ কোনো টাকা দেওয়া হয়েছে? লিখিত জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসোয়ান যা জানিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, বাংলায় সরকার পরিবর্তনের আগে দীনদয়াল অন্তোদ্যয় যোজনা দেওয়া হয়েছিল ৪৫১ কোটি টাকা। কিন্তু মে মাসে সরকার পরিবর্তনের পরেই এই প্রকল্পের পাশাপাশি মনরেগা, বিকশিত ভারত জি রাম জি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্পে দেওয়া হয়েছে ২,০৭৫ কোটি। 
  • Link to this news (বর্তমান)