• মৎস্যজীবীদের জীবন কেমন? উপকূলীয় নিরাপত্তারক্ষা কী? হাতে-কলমে অভিজ্ঞতা নিতে পূর্ব মেদিনীপুরে ২১
    News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
  • মেরিন সিকিউরিটি ও কালচারাল ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে উপকূলীয় নিরাপত্তা ও সামুদ্রিক কার্যক্রম সম্পর্কে RR-78 ব্যাচের ২১ জন আইপিএস প্রবেশনার আজ দিঘা মোহনা কোস্টাল থানায় শিক্ষামূলক প্রশিক্ষণে অংশ নিলেন ইন্সপেক্টর ইমরান মোল্লা-র নেতৃত্বে।

    প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অনুপ্রবেশ, এই সবকিছু নিয়েই জীবন ঘোরাফেরা করে দিঘার উপকূলীয় এলাকায়। সেই সব কিছুই এবার ঘুরে দেখলেন ২১ প্রবেশনার আইপিএস। কখনও জেলেদের পারে কখনও মোহনায় চলল হাতে-কলমে শিক্ষা।

    পৌঁছতেই তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান থানার পুলিশকর্মীরা। এরপর উপকূলীয় থানার কার্যপ্রণালী, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার পদ্ধতি, উপকূলবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, মৎস্যজীবীদের নিরাপত্তা এবং কোস্টাল পুলিশের বহুমুখী দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডি অ্যান্ড টি)।

    আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় নাম ‘রেজিস্টার’ করেছেন…? অগাস্টে ৩০০০ টাকা ঢুকছে তো ব্যাঙ্কে! ৩ মিনিটে ‘চেক’ করুন সব প্রশ্নের ‘উত্তর’

    এরপরে দিঘা মোহনা মৎস্য বন্দর পরিদর্শন করেন প্রবেশনাররা। সেখানে সমুদ্র থেকে মাছ তোলা, সংরক্ষণ, নিলাম এবং দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশে রফতানির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা শোনেন তাঁরা। এই সফরের মাধ্যমে উপকূলীয় অর্থনীতি, সামুদ্রিক সম্পদ রক্ষণাবেক্ষণ সিস্টেম এবং মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনযাত্রা সম্পর্কেও তাঁদের সম্যক ধারণা লাভের সুযোগ হয়।

    দিঘা পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি জুনপুট কোস্টাল থানার উদ্দেশ্যে রওনা দেন, সেখানে উপকূলীয় পুলিশিং, সামুদ্রিক নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন বাস্তব দিক সম্পর্কে আরও হাতে-কলমে অভিজ্ঞতার জন্য একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তাতেও অংশ নেন তাঁরা।

    পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে জানানো হয়, বাস্তবভিত্তিক ট্রেনিং, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে দক্ষ ও আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে এ ধরনের প্রশিক্ষণমূলক উদ্যোগকে সর্বদা গুরুত্ব দিয়ে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)