• দফায় দফায় সংঘর্ষ, পড়ুয়া বিক্ষোভে অগ্নিগর্ভ পাটনা
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • পাটনা: ছাত্র আন্দোলনে কার্যত দিল্লিরই প্রতিচ্ছবি পাটনায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে লোক ভবন অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল বিহারের রাজধানী। পুলিশের সঙ্গে বুধবার দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়ালেন আন্দোলনকারীরা। সিনিয়র পুলিশ সুপার কার্তিকেয় কে শর্মার দাবি,  সংঘর্ষে  জখম ২০ জনের বেশি পুলিশকর্মী। ১৫টিরও বেশি এফআইআর দায়ের হয়েছে। সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন আইসার অভিযানে অংশগ্রহণকারীরা এদিন পাটনার নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়ে। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা বিধানসভা চত্বর সিল করে দেওয়া হয়। এদিনের অধিবেশন শেষ হওয়ার পরও কয়েক ঘণ্টা উভয় সভার সদস্যদের ভিতরেই আটকা পড়ে থাকতে হয়। 

    এদিন সকাল এগারোটা নাগাদ ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে প্রথমে গান্ধী ময়দানে জমায়েত করেন পড়ুয়ারা। তারপরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে।  ছাত্রদের মিছিল রুখতে পাটনার ব্যস্ততম ডাকবাংলো মোড়ে ব্যারিকেড দিয়ে দেয় পুলিস। কিন্তু, আন্দোলনকারীরা পিছু হটতে অস্বীকার করলে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। চলে লাঠিও। বিক্ষোভকারীদের হাতে কয়েকজন সাংবাদিকও আক্রান্ত হন বলে অভিযোগ। বীরচাঁদ প্যাটেল মার্গে বিজেপির অফিস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিনের অশান্তির দায় পুলিশের উপর চাপিয়েছেন বিধায়ক তথা আইসা ও জেএনইউ ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি সন্দীপ সৌরভ। তাঁর দাবি, এদিনের ঘটনায় বিজেপির গণতন্ত্র বিরোধী মানসিকতাই সামনে চলে এসেছে।
  • Link to this news (বর্তমান)