• লাটাগুড়িতে ট্রেনে বন্যহাতির মৃত্যু রুখতে লাইনে ডিভাইস, চালসায় এআই ক্যামেরা
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রুখতে লাটাগুড়ি থেকে বড়োদিঘি পর্যন্ত ডিভাইস বসল রেললাইনে। রেলের পক্ষ থেকে ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (আইডিএস) বসানোর পর প্রযুক্তি কাজে আসছে কি না, তা খতিয়ে দেখতে বনদপ্তরের কুনকি হাতি দিয়ে পরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, রেললাইনের কাছাকাছি হাতি আসামাত্র রেলের কন্ট্রোলরুম, ট্রেনের চালক ও গার্ড এবং বনদপ্তরের কন্ট্রোল রুমে মেসেজ চলে আসছে। বুধবার এমনটাই জানিয়েছেন গোরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন। তিনি বলেন, লাটাগুড়ি থেকে বড়োদিঘি পর্যন্ত জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রেললাইনে আইডিএস ডিভাইস বসিয়েছে রেল। এই প্রযুক্তির মাধ্যমে রেললাইনের উপর হাতি ওঠামাত্র সিগন্যাল মিলছে। ১৯ ও ২১ জুলাই আমরা ডিপার্টমেন্টের হাতি দিয়ে পরীক্ষা করে দেখেছি, প্রযুক্তির সুফল পাওয়া যাচ্ছে। 

    এদিকে, ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু এড়াতে চালসা থেকে চাপড়ামারি পর্যন্ত রেললাইনের পাশে এআই ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছেন ডিএফও। তিনি বলেন, ওই ক্যামেরায় হাতির ছবি ধরা পড়া মাত্র আমাদের কন্ট্রোল রুমে মেসেজ চলে আসছে। 

    চোরাশিকারী ঠেকাতে গোরুমারায় বেশ কয়েকটি জঙ্গলপথে এআই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানান ডিএফও। তিনি বলেন, মূর্তি থেকে খুনিয়া প্রোটেকশন ক্যাম্প পর্যন্ত জঙ্গলপথে সবার প্রথমে এআই ক্যামেরা বসানো হবে। বনদপ্তর সূত্রে খবর, ২০১৭ সালে এই পথেই চোরাশিকারীরা ঢুকে গোরুমারায় গন্ডার নিধন করে।
  • Link to this news (বর্তমান)