দাদার অপেক্ষায় সুড়ঙ্গের মুখে দিনভর দাঁড়িয়ে ভাই, পূর্ব খয়েরবাড়িতে উৎকণ্ঠায় দিন কাটল স্ত্রী ললিতার
বর্তমান | ২৩ জুলাই ২০২৬
রবীন রায়, আলিপুরদুয়ার: সিকিমের নামচিতে সুড়ঙ্গ বিপর্যয়ে যে মৃতদেহগুলি শনাক্ত হয়েছে তাতে মাদারিহাটের পূর্ব খয়েরবাড়ি গ্রামের শ্রমিক গোড়ে ওরাওঁ নেই। তিনি কী অবস্থায় আছেন, তা নিয়ে গভীর উৎকণ্ঠায় দিন কাটছে গোড়ের পরিবারে। বুধবার পর্যন্ত স্বামীর খোঁজ না মেলায় অজানা আশঙ্কায় দিন কাটছে স্ত্রী ললিতা মিঞ্জ ওরাওঁয়ের।
এদিকে, দাদার খোঁজে মঙ্গলবারই নামচি চলে যান গোড়ে ওরাওঁয়ের ভাই বিকাশ। কিন্তু বুধবার পর্যন্ত বাড়িতে কোনো আশাব্যঞ্জক খবর জানাতে পারেননি তিনি। বিকাশ আশাবাদী, অলৌকিক কিছু ঘটবেই। ফিরে আসবেন দাদা। নামচিতে উদ্ধার কাজের তদারকিতে রয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী বিশাল লামা। মন্ত্রীর সঙ্গেও দেখা হয়েছে বিকাশের।
বুধবার নামচি থেকে ফোনে বিকাশ ওরাওঁ বলেন, খুবই উদ্বেগে আছি। অনেকগুলো মৃতদেহ দেখলাম। কিন্তু তাতে দাদা নেই। এখানে মন্ত্রী বিশাল লামার সঙ্গে কথা হয়েছে। মন্ত্রী অপেক্ষা করতে বলেছেন। আমার বিশ্বাস অলৌকিক কিছু ঘটবে। দাদা ফিরে আসবেনই।
মন্ত্রী বিশাল লামা বলেন, মাদারিহাটের গোড়ে ওরাওঁয়ের ভাই বিকাশের সঙ্গে দেখা হয়েছে। ওঁকে অপেক্ষা করতে বলেছি। এখানে খুব ঝুঁকি নিয়ে কাজ করছে উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত যে দেহগুলি উদ্ধার ও শনাক্ত হয়েছে তাতে গোড়ে ওরাওঁ নেই। এদিকে, গ্রামের ছেলের জন্য উদ্বেগে রয়েছে পূর্ব খয়েরবাড়ির বাসিন্দারাও। মাত্র দেড় সপ্তাহ আগে বাড়ি থেকে নামচিতে কাজে গিয়েছিল গোড়ে। প্রতিবেশীদেরও বিশ্বাস গোড়ে সুস্থ শরীরে ফিরে আসবেন।