• বর্ষার আগমনে মুর্শিদাবাদে বালির ঘাট বন্ধের নির্দেশ
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে  নদ-নদী গুলিতে বালি তোলার কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। জেলাশাসক আর অর্জুন গত সোমবার মাইন অ্যান্ড মিনারেলস অ্যাক্টের নির্দিষ্ট কিছু ধারার উল্লেখ করে এই নির্দেশিকা জারি করেন। গত ২০ জুলাই থেকে সব ঘাট থেকে বালি উত্তোলন বন্ধ হয়েছে। এই নির্দেশিকার কপি সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার সহ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের পাঠানো হয়েছে। পাশাপাশি প্রতিটি মহকুমা শাসক ও বিডিও অফিসকে নির্দেশিকা পাঠানো হয়েছে। যাতে অবৈধ ভাবে বালি তোলা রুখতে কোনো রকম গাফিলতি না হয়।

    নিয়ম অনুসারে, সাধারণত বর্ষার আগেই নদী থেকে বালি তোলার উপরে এই নিষেধাজ্ঞা জারি হয়। তবে আগে এই নির্দেশিকা সেচ দপ্তরের তরফে জারি হলেও, এবার তা সরাসরি জেলাশাসকের দপ্তর থেকে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বালি তোলার জন্য নদীতে তৈরি করা কাঠের অস্থায়ী সেতুগুলি ভাঙার বিষয়ে আগের মতো সেচ দপ্তরের তরফে এখনও কোনো নির্দেশিকা জারি হয়নি। অথচ বর্ষার সময়ে নদীতে জল বাড়লে গতিপথ যাতে অবরুদ্ধ না-হয়, তার জন্য এই সব অস্থায়ী সেতু ভেঙে দেওয়াই নিয়ম। জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলায় বৈধ বালি খাদানের সংখ্যা অনেক। নিষেধাজ্ঞা জারির আগেই বিভিন্ন বালি খাদানের ইজারাদাররা বিপুল পরিমাণ বালি তুলে মজুত করে রেখেছেন। নদী থেকে বালি তোলা বন্ধ থাকাকালীন এই মজুত বালিই বাজারে বিক্রি করা হয়, যার ফলে এই সময়ে বালির দাম অনেকটাই বাড়ে। তবে অযাচিতভাবে বালির দাম যাতে না বাড়ে সেদিকেও খেয়াল রাখছেন প্রশাসনের আধিকারিকরা। 
  • Link to this news (বর্তমান)