• ট্রাইবুনালে শুনানি হয়নি, পুরভোট প্রদানে সংশয়ে পশ্চিম বর্ধমানের আবেদনকারীরা
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • সুমন তেওয়ারি, আসানসোল: এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকা বহু ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা অনলাইন ও অফলাইনের মাধ্যমে ট্রা‌ইবুনালের কাছে আবেদন করে ভোটার তালিকায় নাম তুলতে চেয়েছিলেন। বিধানসভা ভোটের আগে  তাঁদের আবেদনের নিষ্পতি হয়নি। এখন সেই প্রক্রিয়া বিশবাঁও জলে। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার ন’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্রে ট্রাইবুনালে শুনানি শুরুই হয়নি। আসানসোল ও দুর্গাপুর পুরসভায় চলতি বছরই পুরসভা নির্বাচন হওয়ার কথা। তাহলে কী বিচারপ্রার্থীরা পুরভোট থেকেও বঞ্চিত হবেন। তা নিয়েই জেলাজুড়ে শুরু হয়েছে চর্চা। ভোটার তালিকায় নাম না থাকলে সরকারি প্রকল্পের সুবিধা মিলবে না। পরবর্তী প্রজন্ম নাম সমস্যার সম্মুখীন হবে বলেও আশঙ্কা করছেন অনেকেই। পাশাপাশি, ট্রাইবুনালে আবেদনকারীদের স্নায়ুর চাপ বাড়াচ্ছে আগস্ট থেকে শুরু হতে চলা জনগণনা। বিচারাধীন থাকা ভোটারদের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়েছিল দুর্গাপুর পূর্ব বিধানসভার ৫ হাজার ৭৬৫ জনের। তাঁদের মধ্যে থেকে অফলাইনেই ট্রাইবুনালে নাম তোলার জন্য আবেদন করেছেন ১ হাজার ৪৩৮ জন। একইভাবে দুর্গাপুর পশ্চিমে নাম বাদ পড়েছিল ৪ হাজার ৫৩৮ জন ট্রাইবুনালে আবেদন করেছেন ১ হাজার ১৩৪ জন, পাণ্ডবেশ্বরে নাম বাদ পড়েছে ৬ হাজার ৯৫৮ জন নাম বাদ পড়েছে ১ হাজার ৫২৩জন, রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নাম বাদ পড়েছে ৯ হাজার ৯৫৩ জন আবেদন জমা পড়েছে ১ হাজার ৪০৬ জন, জামুড়িয়ায় নাম বাদ পড়েছিল ৬ হাজার ২৭৪ জন নাম তোলার আবেদন পড়েছে ১ হাজার ৪৩৬ জন, আসানসোল দক্ষিণে নাম বাদ পড়েছে ১০ হাজার ৩৬৭ জনের। আবেদন জমা হয়েছে ১হাজার ৮০০টি। আসানসোল উত্তরে নাম বাদ পড়েছে ১৩ হাজার ৭৪৮ জনের।  ট্রাইবুনালে আবেদন করেছেন ৫ হাজার ৪৫০ জন, কুলটির ১১ হাজার ৬০৫ জনের নাম বাদ পড়েছিল, আবেদন করেছেন ২ হাজার ৩৫ জনের, বারাবনির বিধানসভা কেন্দ্রের ৩ হাজার ৫২৬ জনের নাম বাদ যায়, অফলাইনে ট্রাইবুনালে আবেদন জমা পড়েছে ৪৪৬জনের। শুধু মাত্র অফলা‌ইনের ট্রাইবুনালের কাছে আবেদন জমা করেছেন ১৬ হাজার ৬৮৬ জন। জেলা প্রশাসনেরই দাবি, অনলাইনের তার থেকেও বেশি মানুষ ট্রাইবুনালে আবেদন করেছেন নিজের নাম ভোটার তালিকায় রাখতে। হাজার হাজার মানুষ এই শুনানির অপেক্ষায়। অথচ, শুধুমাত্র আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার ৫৯৫ জনের শুনানি সম্পন্ন হয়েছে। তৎপর্যপূর্ণ বিষয় হল, ৬০ শতাংশের বেশি মানুষকে অবসরপ্রাপ্ত বিচারক নাম রাখার আর্জি মঞ্জুর করেছেন। অর্থাৎ তাঁরা যোগ্য ভোটার। প্রশ্ন উঠছে, তাহলে বাকি যোগ্য ভোটাররা কবে বিচার পাবেন? পুরভোটের  আগে সব আবেদনের নিষ্পত্তি হবে তো। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন। রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের পরাজিত সিপিএম প্রার্থী নারায়ণ বাউরিও একটি সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, আমরা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিয়ে যোগ্যদের ভোটার তালিকায় নাম তোলার দাবি জানিয়েছি।   
  • Link to this news (বর্তমান)