• ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ, ধৃত হাড়োয়ার বিজেপি নেতার ভাইপো
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: লোকাল ট্রেনে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতার ভাইপো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রকাশ ঘোষ। তিনি হাড়োয়া বিধানসভার বিজেপির ৩ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি গণেশ ঘোষের ভাইপো। জানা গিয়েছে, গণেশবাবু এখন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সদস্য। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বারাসত-হাসনাবাদ শাখার বহিরা কালীবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শিয়ালদহ-হাসনাবাদ লোকালে করে বাড়ি ফিরছিলেন প্রকাশ। ট্রেন বারাসত স্টেশন ছাড়ার কিছু পরেই এক মহিলা যাত্রীর সঙ্গে তিনি অশালীন আচরণ করেন বলে অভিযোগ। প্রথমে প্রতিবাদ করেন ওই মহিলা। তাঁর চিৎকারে ঘুরে তাকান কামরার অন্য যাত্রীরা। মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ট্রেনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তের আচরণ ছিল উদ্দেশ্যপ্রণোদিত। মহিলার অভিযোগ শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। প্রকাশকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু হয়। বচসা বাড়তেই কয়েকজন যাত্রী প্রকাশকে মারধর করেন বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এনিয়ে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যদিও এর সত্যতা যাচাই করেনি বর্তমান)। যেখানে হাতজোড় করে প্রকাশকে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে। সেইসঙ্গে তাঁর কাতর আর্তি, ‘আমার জীবন শেষ করে দিও না!’

    পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে আরপিএফ তাঁকে আটক করে। পরে তাঁকে তুলে দেওয়া হয় বারাসত জিআরপির হাতে। তারা গ্রেপ্তার করে প্রকাশকে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রেনে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বয়ানও সংগ্রহ করছেন তদন্তকারীরা।

    এদিকে, অভিযুক্তের রাজনৈতিক পরিচয় সামনে আসায় এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। নারী নিরাপত্তার প্রশ্নে বারবার সরব হওয়া বিজেপির এক নেতার ভাইপোর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। তবে এনিয়ে বিজেপি নেতা গণেশ ঘোষ বলেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। আমাকে কালিমালিপ্ত করতেই এই ধরনের চক্রান্ত করা হয়েছে। ট্রেনের ভিতরে সিসি ক্যামেরা রয়েছে, সেই ফুটেজ

    দেখলেই সব প্রমাণ হবে। আমাকে বিভিন্ন দিক থেকে আটকানোর চেষ্টা হচ্ছে। তাতে সফল না হওয়ায় এবার ভাইপোর নামে মিথ্যা মামলা করে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)