• কলেজ স্ট্রিট পরিদর্শনে অগ্নিমিত্রা, শহরে ফুটপাতের ‘দখলদারি’ নিয়ে ক্ষোভ মন্ত্রী
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটপাতে হকার থাকুক। কিন্তু এভাবে বেশিরভাগ ফুটপাত দখল করে হকারি করা যাবে না। নিয়ম মেনে সব করতে হবে। হাঁটার জায়গা দিতে হবে পথচারীদের। বুধবার সকালে পার্ক স্ট্রিটের বিভিন্ন রাস্তায় ঘুরে হকারদের দখলদারি নিয়ে এমন কড়া বার্তাই দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি কলেজ স্ট্রিট বইবাজারও ঘুরে দেখেন তিনি।

    এদিন সকালে প্রথমে কলেজ স্ট্রিট পরিদর্শনে যান পুরমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভা, কেএমডিএ ও পুলিশ আধিকারিকরা। কলেজ স্ট্রিটের বইবাজার সাজিয়ে তুলতে সরকারি পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন মন্ত্রী। কোন রাস্তায় কত দোকান আছে, রাস্তায় এবং ফুটপাতের অবস্থা কেমন, এই সব বিষয় খতিয়ে দেখেন পুরমন্ত্রী। তিনি বলেন, কলেজ স্ট্রিট সুন্দর করে সাজানোর লক্ষ্য রয়েছে। কিছু রাস্তা চিহ্নিত করা হয়েছে। সেগুলি নো ভেহিকেল জোন করা হবে। যেখানে কোনো গাড়ি চলবে না। হর্ন বাজবে না। শুধু সাইকেল চলবে। গোটা কলেজ স্ট্রিটে গাড়ি বন্ধ করা হবে না কারণ অনেক স্কুল-কলেজ রয়েছে এখানে। যে সব দোকান আছে, বইয়ের সেই দোকানগুলিকেও চিহ্নিত করা হয়েছে। সেগুলিও সুন্দর করে গড়ে তোলা হবে। এখানে বইয়ের দোকান ছাড়া অন্য কোনো দোকান থাকবে না। অন্যদিকে এদিন গাড়ি নিয়ে শহর দেখতে বেরিয়ে পার্ক স্ট্রিটে যান পুরমন্ত্রী। সেখানে পৌঁছে ফুটপাতের দখলদারি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। যেভাবে পার্ক স্ট্রিটের বিভিন্ন রাস্তার ফুটপাতে এক-একজন হকার অতিরিক্ত জায়গা নিয়ে ব্যবসা চালাচ্ছেন তা দেখে রেগে যান অগ্নিমিত্রা। রীতিমতো ধমকের সুরে বলেন, একটা দোকান দু-তিনটি বেঞ্চ পেতে চলছে কেন? জায়গা ছোটো করতে হবে। এভাবে অর্ধেকের বেশি ফুটপাত দখল করে ব্যবসা করা চলবে না। মন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরা। মন্ত্রীর নির্দেশ, দ্রুত দখলদারি সরাতে হবে। হকাররা নিজেদের দখলে থাকা অতিরিক্ত জায়গা ছেড়েছেন কি না তা দেখতে বৃহস্পতিবার ফের আসবেন বলেও জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুজো পর্যন্ত কোনো হকার উচ্ছেদ হবে না। কিন্তু এভাবে এক-একজন হকার দু-তিনজনের জায়গা নিয়ে ফুটপাতের বেশিরভাগ অংশ দখল করে ব্যবসা চালাবেন, সেটাও চলবে না। ফুটপাত ঘিঞ্জি হয়ে গিয়েছে। একজন হকার দু’টো লাইন করে ব্যবসা করছেন। মানুষ হাঁটতে পারছেন না। এসব সরাতে হবে। তাই ওঁদের বলেছি, এসব সরাতে হবে। নিয়ম মেনে হকারি করতে হবে।’
  • Link to this news (বর্তমান)