• ইনস্পেক্টর ঘাটতি মেটাতে ডেপুটেশনে লোক নিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ থানা গঠনে ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভার
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার কলকাতায় গঠিত হবে এনআইএ থানা। বুধবার বিধানসভাতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কলকাতার প্রস্তাবিতটি নিয়ে দেশে মোট ২২টি থানা হবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র। প্রসঙ্গত, কলকাতায় এনআইএ’র শাখা অফিস থাকলেও, এতদিন সংস্থার নিজস্ব কোনো থানা ছিল না। খাগড়াগড় বিস্ফোরণের পর ২০১৫ সাল থেকে রাজ্যে এনআইএ’র থানা গঠনের দাবি উঠেছিল। অবশেষে ১০ বছর পর রাজ্য মন্ত্রিসভার ছাড়পত্র মেলায়, নয়া থানা গঠনে আর কোনো বাধা রইল না। শুধু থানা গঠনই নয়, তদন্তকারী সংস্থায় কর্মী ঘাটতি মেটাতে কলকাতা ও রাজ্য পুলিশ থেকে ডেপুটেশনে ইনস্পেক্টর নেওয়ার তোড়জোড় শুরু করেছে এনআইএ। চলতি মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করতে উদ্যোগী জাতীয় তদন্তকারী সংস্থা।  

    কয়েকদিন আগেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ চিকেনস নেকের নিরাপত্তা, উত্তর ও দক্ষিণবঙ্গের অরক্ষিত সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ সহ নানা জরুরি বিষয়ে প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তাঁর সফরের পরই রাজ্যে এনআইএ থানা গঠনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মানছেন নিরাপত্তা সংশ্লিষ্ট সব মহল। তবে কলকাতাতে নতুন এনআইএ থানা গঠন করার সিদ্ধান্ত হলেও, পর্যাপ্ত সংখ্যায় তদন্তকারী অফিসার বা (আইও) না থাকায় মামলার চাপ সামলাতে কার্যত নাকাল হতে হচ্ছে এনআইএ কর্তাদের। সে কারণেই তদন্তকারী সংস্থায় যোগ দিতে ইচ্ছুক ইনস্পেক্টরদের ডেপুটেশনে নিচ্ছে এনআইএ। 

    সম্প্রতি এসআইআর শুনানি চলাকালীন মালদহের মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার তদন্তে এনআইএ’কে সাহায্য করার জন্য লালবাজার একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, দু’জন এসআই সহ বেশ কয়েকজন পুলিশকর্মীকে দু’মাসের জন্য লিয়েনে পাঠিয়েছিল। এর আগেও কলকাতা পুলিশ থেকে ডেপুটেশনে এনআইএ’তে গিয়ে সুনামের সঙ্গে কাজ করছেন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক।
  • Link to this news (বর্তমান)