• বিধায়ককে কটাক্ষ? ‘হ্যালি কপ্টার বাবা’ পোস্ট ঘিরে বিতর্ক তারকেশ্বরে
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরের প্রবীণ বিজেপি নেতা তথা আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি গনেশ চক্রবর্তীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিধানসভা ভোটে তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পানের সঙ্গে সবসময় দেখা গিয়েছিল গণেশবাবুকে। ভোটের পরে দু’জনকে আর সেভাবে একসাথে দেখা যায়নি। বিধায়কের সঙ্গে প্রবীণ এই বিজেপি নেতার দূরত্ব তৈরি হয়েছে, জল্পনা গোটা তারকেশ্বর জুড়ে। এই আবর্তে গণেশবাবুর নয়া পোস্ট, চর্চার নতুন বিষয় হয়ে দাঁড়িয়েছে।   

    শৈবতীর্থ তারকেশ্বরে এবারের শ্রাবণী মেলায় প্রশাসনিক তৎপরতায় বেশিরভাগ স্থানীয় বাসিন্দা দোকান করতে পারেনি। শ্রাবণী মেলার উজ্জ্বল আলোর নীচে যেন জমা হয়েছে অন্ধকার! অন্যদিকে তারকেশ্বরের বিধায়ককে দেখা গিয়েছে, হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের উপর ফুলবৃষ্টি করতে আকাশে ঘুরে বেড়াতে। এরপরই ফেসবুকে বিজেপি নেতা গণেশবাবুর একটি পোস্ট ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। পোস্টের শীর্ষে গণেশবাবুর কটাক্ষ—‘জগত ভরা ভণ্ডামি’। এরপর লিখেছেন—‘তারকেশ্বরে একটি নতুন সাধুর আমদানি হয়েছে। নাম তার হ্যালি কপ্টার বাবা। উনি এতো বেশি উড়ছেন যে সাধারণ খেটে খাওয়া মানুষের দুঃখ কষ্ট কিছুই বোঝার চেষ্টা করছেন না। তাই ওনাকে আমার বক্তব্য, আপনি মাটিতে নেমে সাধারণ মানুষের বক্তব্য শুনুন। হেলিকপ্টার থেকে নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নিন। তারকেশ্বরের মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও প্রত্যাশা জানুন। সমাধানের পথ খুঁজুন।’

    এটাই প্রথম নয়, কিছুদিন আগেও গণেশবাবু লিখেছিলেন, ‘হচ্ছেটা কী? নমঃ পার্বতী পতয়ে হরঃ হরঃ মহাদেব! তোমার এই ভণ্ডামি বন্ধ করো। ঈশ্বর তোমার সুবুদ্ধি দিক।’ মহাদেবের এই স্তবটি মাঝে মাঝে বিধায়ক সন্তু পানকে বলতে শোনা গেছে। নাম না করে গণেশবাবু যে বিধায়ককেই নিশানা করেছেন, তা ফেসবুক পোস্টের কমেন্টে স্পষ্ট করে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন,‘তাহলে কি তারকেশ্বরের জনগণ ভুল মানুষকে বিশ্বাস করল?’ আবার কেউ লিখেছেন, ‘আমরা তো এত বেশি কিছু চায়নি। কিন্তু ভোটের আগে হেলিকপ্টার বাবা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। যা কথা দিয়েছেন, তার ১ শতাংশও রাখেননি বা করেননি। হনুমান কে তুমি কলা দেখিয়েছ! মনে রেখ, হনুমান তোমাকে ছাড়বে না । তারকেশ্বরে এই প্রথম শ্রাবণী মেলা হচ্ছে না।’

    এই বিষয়ে বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন, একেবারেই ভুল ধারণা। আমি তারকেশ্বরের বিধায়ককে নিয়ে লিখিনি। যে সমস্ত নেতা সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখছেন না, তাদের জন্য লেখা। স্থানীয় মানুষ বঞ্চিত হচ্ছেন। ভোটের আগে  দেওয়া প্রতিশ্রুতি পালন হচ্ছে না। আমাদের মধ্যে কোন মনোমালিন্য বা বিভেদ নেই। ফেসবুক পোস্ট এর ভুল ব্যাখ্যা হচ্ছে। এই বিষয়ে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, শ্রাবণী মেলা আর বিধানসভার অধিবেশন নিয়ে ব্যস্ত রয়েছি। এই নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই।’  বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতির এই পোস্ট ঘিরেই বিতর্ক।  
  • Link to this news (বর্তমান)