• প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে মা ক্যান্টিনের টাকা আত্মসাতের অভিযোগ
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরের মা ক্যান্টিনে প্রায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল প্রাক্তন কাউন্সিলার রূপা সরকারের বিরুদ্ধে। বুধবার তারকেশ্বর পুরসভায় এই অভিযোগ দায়ের করেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী। অভিযোগপত্রে তিনি বলেছেন, তারকেশ্বর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে মাত্র পাঁচ টাকায় দুঃস্থ ব্যক্তিদের পেট ভরে খাওয়ার ব্যবস্থা রয়েছে। যে প্রকল্প আগে ‘মা ক্যান্টিন’ নামে পরিচিত ছিল, বর্তমানে তা ‘মা আহার’ নামে পরিচিত।

    ২০২৩ সালে ৩ নম্বর ওয়ার্ডের একটি স্বনির্ভর গোষ্ঠীকে এই ক্যান্টিন চালানোর অনুমোদন দেয় পুরসভা। অনুমোদনের চিঠি স্বনির্ভর গোষ্ঠীর মানে দেওয়া হলেও তা চালাতেন পুরসভার কাউন্সিলার রূপা সরকার। গোষ্ঠীর ১৩-১৪ জন মহিলাকে মাসে এক থেকে দেড় হাজার টাকা দেওয়া হত। ২০-৫০ জন খাওয়া দাওয়া করলেও বিল দেখানো হতো ১০০ জনের উপর। গোষ্ঠীর মহিলাদের প্রতি মাসে ৭০-৮০ হাজার টাকা ব্যাংক থেকে তুলে এনে দিতে বাধ্য করা হত অভিযুক্ত কাউন্সিলারকে। ফলে গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নির্ধারিত অঙ্কের চেয়ে বেশি হয়। ফলে ব্যাংক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল ওই অ্যাকাউন্টের লেনদেন। ফলে টাকার জোগান বন্ধ হওয়ায় ওই কাউন্সিলার অন্য পথ ধরেন। তিনি গোষ্ঠীর এক মহিলার ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করেন পুরসভা থেকে। যাতে নিজের ভাগ ঠিকঠাক থাকে। গণেশ চক্রবর্তী বলেন, ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার রূপা সরকার তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুর ছায়াসঙ্গী বলে পরিচিত। পুরসভা থেকে পুরমন্ত্রী— সর্বত্র অভিযোগ জানিয়েছি। এই বিষয়ে তদন্ত করে অভিযুক্ত কাউন্সিলারের শাস্তির দাবি জানাচ্ছি। গোষ্ঠীর মহিলারা তাঁদের প্রাপ্য টাকা যেন ফেরত পান, তাও দেখার আবেদন করছি। কেন ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠানো হল, তা নিয়েও তদন্ত হওয়া উচিত। গরিব মানুষের সামান্য পাঁচ টাকার অন্ন, সেখানেও দুর্নীতি করতে ছাড়েননি তৃণমূলের ওই কাউন্সিলার।

    অভিযুক্ত রূপা সরকারের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি ফেরার। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র দেখিয়ে ভয় দেখানো, অন্যের জমি লিখিয়ে নেওয়া ইত্যাদি অভিযোগ রয়েছে। তারকেশ্বর পুরসভার ‘মা আহার’ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার তরুণ জানা বলেন, পুরসভার পক্ষ থেকে নিয়ম মেনেই কাজ করা হয়েছে। অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)