• রাজনৈতিক সংঘর্ষে হাওড়ার দুই এলাকা উত্তপ্ত, জখম ৫
    বর্তমান | ২৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার তুমুল উত্তেজনা ছড়ায় হাওড়ার জগদীশপুর ও জগৎবল্লভপুর। দুই পৃথক ঘটনায় হামলা, ভাঙচুর, মারামারি ও ইট ছোড়াছুড়িকে ঘিরে জখম হন একাধিক ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই জায়গাতেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। জগদীশপুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, জগৎবল্লভপুরের ঘটনায় নামানো হয়েছে র‍্যাফ। তারা লাগাতার টহলদারি চালাচ্ছে। বুধবার সকালে জগদীশপুরের দেবীরপাড়া এলাকায় বিজেপি কর্মী সুদীপ্ত নস্কর মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময় স্থানীয় তৃণমূল কর্মী শুভাশিস নস্কর তাঁর উপর হামলা চালায় বলে বিজেপির অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই বিজেপির কর্মী-সমর্থকরা এলাকায় জড়ো হন। বিজেপির দাবি, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার সময় সুদীপ্ত নস্কর ও তাঁর ভাই আক্রান্ত হয়েছিলেন এবং সেই ঘটনাতেও তৃণমূল কর্মী শুভাশিস নস্করের নাম উঠেছিল। এদিনের ঘটনায় বিজেপি কর্মীদের একাংশ শুভাশিস নস্করের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

    অন্যদিকে, এদিন বিকালে জগৎবল্লভপুরের মায়দাপুকুরে একটি পার্টি অফিস দখল এবং বিজেপির পতাকার পাশে আইএসএফের পতাকা লাগানোকে কেন্দ্র করে দু’দলের কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। অভিযোগ, বচসা থেকে শুরু হওয়া বিবাদ মুহূর্তের মধ্যে মারামারিতে রূপ নেয়। লাঠি, বাঁশ ও ইট ছোড়াছুড়িতে দু’পক্ষের মোট ৫ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি ও আইএসএফ পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছে। দুই ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)