নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াবাগান থানা এলাকার এক নাবালিকাকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আরমান আলম। বাড়ি কলকাতার বেনিয়াপুকুরে। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পূর্ব পরিচয়ের সূত্রে মঙ্গলবার বিকালে কিশোরীকে বেনিয়াপুকুরে ডেকে পাঠায় আরমান। অভিযোগ, তারপর জোর করে গাড়িতে তুলে তাকে দীঘা নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। গাড়ির মধ্যেই চলে যৌন হেনস্তা। নাবালিকা দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় সন্ধ্যায় তাঁর বাবা জোড়াবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়। রীতিমতো ফিল্মি কায়দায় অভিযুক্তের গাড়ি ধাওয়া করে পুলিশ। হাওড়ার সলপে সেই গাড়ি থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। তাকে হোমে পাঠানো হয়েছে। ধৃত অভিযুক্ত।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আরমান নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল। দু’জনে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় দেখা করত। সেই মতো মঙ্গলবারও আরমান নাবলিকাকে বেনিয়াপুকুরে ডেকে পাঠিয়েছিল। ‘পড়তে যাচ্ছি’ বলে বেরিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত সে বাড়ি না ফেরায় জোড়াবাগান থানায় অভিযোগ করেন তার বাবা। নাবালিকার কাছে মোবাইল রয়েছে জেনে টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, গাড়িটি উলুবেড়িয়ার দিকে যাচ্ছে। সলপ এলাকায় গাড়িটি তেল ভরতে পাম্পে ঢুকলে পুলিশ সেখানে পৌঁছে যায়।