• ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজর, সীমান্তবর্তী জেলাগুলিতে SIB-র জন্য ৫০ একর জমি চেয়েছে কেন্দ্র
    News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
  • ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজর, বড় পদক্ষেপ কেন্দ্রের। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে SIB (সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরো)-র জন্য প্রায় ৫০ একর জমি চেয়েছে কেন্দ্র। একসঙ্গে নয়, ৪০টি আলাদা স্থানে ১ থেকে দেড় একর করে জমিতে স্থায়ী অফিস ও কর্মীদের কোয়ার্টার তৈরির পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই জমি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্যের স্বরাষ্ট্র দফতরের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে বলেই সূত্রের খবর।

    বর্তমানে কলকাতা ছাড়া অধিকাংশ জেলায় SIB ভাড়া বাড়ি থেকে কাজ চালায় ৷ এবার নিজস্ব পরিকাঠামো গড়ে তোলাই লক্ষ্য। কেন্দ্র জমি কিনতেও আগ্রহী, তবে নবান্ন সরকারি খাস জমি বরাদ্দের সম্ভাবনা খতিয়ে দেখছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও বিদেশি গোয়েন্দা সংস্থার তৎপরতা বৃদ্ধির প্রেক্ষিতে এই তৎপরতা বলেই সূত্রের খবর।

    আরও পড়ুন-‘আমাদের সময় নষ্ট করবেন না’, CJP বিক্ষোভ-সংক্রান্ত মামলার শুনানিতে বলল সুপ্রিম কোর্ট

    সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ, কেন্দ্র ও রাজ্যকে সতর্কবার্তা দেওয়া এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই কেন্দ্র SIB-এর পরিকাঠামো সম্প্রসারণে জোর দিচ্ছে বলেই সূত্রের খবর।

    এদিকে ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেরা জেলা মালদহে বিশেষ নির্দেশের ভিত্তিতে এবারে মাঠে নেমেছে পুলিশ।লাইসেন্সপ্রাপ্ত টোটোগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। একজন ব্যক্তি একটি টোটো কমার্শিয়ালি চালাতে পারেন এবং যাঁর নামে টোটো তাঁকেই চালাতে হবে। অন্য কেউ সেই টোটো চালাতে পারবেন না। টোটো চালকদের অভিযোগ, এমন বহু ব্যক্তি আছেন, যাঁরা ৭০–৮০ করে টোটো কিনে দেদার ভাড়া খাটান। কে ভাড়া নিচ্ছে তার পরিচয় না জেনেই দিয়ে দেন। দিন প্রতি ভাড়া খাটে সেই সব টোটো বলেই খবর। সেই টোটো মালদহে এসে বাংলাদেশিরা চালিয়ে সন্ধ্যায় ফিরে যায়। আগের সরকারের সময় যাদের সংখ্যা অনেক বেশি ছিল। এখন কিছুটা কমলেও একেবারে বন্ধ হয়নি বলে দাবি টোটো চালকদের।
  • Link to this news (News18 বাংলা)