• দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে নতুন করে সংঘর্ষ, আহত পাঁচ পুলিশ কর্মী
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • নতুন করে উত্তপ্ত হলো নয়াদিল্লি। বুধবার রাতে ককরোচ জনতা পার্টির সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্ষ হয়। সেই সঙ্গে ছড়ায় উত্তেজনা। অভিযোগ, পুলিশকর্মীদের দিকে লক্ষ্য করে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। এই ঘটনায় অন্তত পাঁচ জন পুলিশকর্মী আহত হন বলে দাবি দিল্লি পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সেখানে লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ। কয়েকটি এলাকায় বন্ধ করে রাখা হয় ইন্টারনেট পরিষেবাও।

    গত কয়েক দিন ধরেই যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি ( Cockroach Janta Party)। ওই এলাকায় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও বুধবার রাতে উত্তেজনা ছড়ায় সংসদ মার্গ রাস্তায়। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশকর্মীদের। সংসদ মার্গে বেরিয়ে আসা বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা কর্মীরা কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। অন্য দিকে, বিক্ষোভকারীরা পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়েন এবং কনট প্লেসের প্রধান রাস্তায় তাঁদের ধাওয়া করেন বলে অভিযোগ।

    দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় ২ জন এসিপি (ACP), একজন ইন্সপেক্টর-সহ পাঁচ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশের দাবি, সেখানে ঢুকে পড়া একাধিক সমাজবিরোধী এই হামলা চালায়।

    লাঠি চার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল

    টলস্টয় মার্গের কাছে এই ঘটনাকে কেন্দ্র উত্তেজনা বাড়তে শুরু করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। জনপথের কাছে টলস্টয় মার্গের প্রবেশপথ থেকে এনডিএমসি (NDMC) কনভেনশন সেন্টার পর্যন্ত এলাকায় কিছু সময় পুলিশ বা নিরাপত্তা কর্মীদের দেখা যায়নি। পরে ওই এলাকায় বিপুল সংখ্যায় পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। জানা গিয়েছে, সংসদ মার্গের পার্ক হোটেলের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে ভিড় নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। এছাড়া, বিক্ষোভকারীদের একটি অংশ এক পুলিশকর্মীকে ধাওয়া করে মারধরও করে।

    বিক্ষোভকারীদের শান্ত থাকার আবেদন

    পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর, বিক্ষোভকারীদের শান্ত থাকতে আবেদন করে পুলিশ। পাথর ছোড়া থেকে বিরত থাকার আবেদন জানানোর জন্য পুলিশ আন্দোলনস্থল থেকে স্বেচ্ছাসেবকদের নিয়ে আসে। এ ধরনের ঘটনা আন্দোলনের সমস্ত দাবি এবং সাফল্যকে শেষ করে দিতে পারে বিক্ষোভকারীদের বোঝান স্বেচ্ছাসেবকরা।

    আলোচনায় রাজি সরকার

    NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সিজেপি-র ডাকে সংসদ অভিযানকে কেন্দ্র করে সোমবার অশান্ত হয় দিল্লি। তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে মঙ্গলবার প্রধানমন্ত্রীর লোককল্যাণ মার্গের সরকারি বাংলোর সামনে ধর্না-বিক্ষোভ দেখায় কংগ্রেস। প্রশ্ন ফাঁস হলেও এই নিয়ে সংসদে আলোচনা করতে চাইছে না সরকার বলে দাবি করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে এই ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। আগের দিনে একই কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

    এক নজরে:

    এ বার কোথায় উত্তেজনা ছড়ায়?

    বুধবার রাতে উত্তেজনা ছড়ায় সংসদ মার্গ রাস্তায়।

    কী হয়েছে সেখানে?

    টলস্টয় মার্গের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

    কেউ আহত হয়েছেন?

    দিল্লির পুলিশের দুই এসিপি-সহ পাঁচ পুলিশকর্মী আহত হন।

  • Link to this news (এই সময়)