• নীরবে ভোজ়িনহার পরিবারের পাশে দাঁড়ালেন লিওনেল মেসি, করলেন বিরাট সাহায্য
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • লিওনেল মেসি (Lionel Messi) মাঠে তাঁর জাদুকরী ফুটবলের জন্য বিখ্যাত। তবে ২০২৬ সালের বিশ্বকাপের পর সামনে এল তাঁর মানবিকতার আরও এক অনন্য গল্প। কী গল্প জানেন?

    জানা গিয়েছে, কেপ ভের্দের (Cabo Verde) গোলকিপার ভোজ়িনহার (Vozinha) পরিবারের চার সদস্য যাতে বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখতে পারেন, তার জন্য নিজের খরচে টিকিটের ব্যবস্থা করেছিলেন আর্জেন্তিনার (Argentina) অধিনায়ক। আশ্চর্যের বিষয়, পুরো ঘটনা বিশ্বকাপ চলাকালীন গোপনই ছিল। আর্জেন্তিনার ফাইনালে হারের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

    আর্জেন্তিনার সাংবাদিক ইয়ানিনা লাতোরের দাবি, বিশ্বকাপ চলাকালীন বহু মানুষকে মাঠে খেলা দেখার সুযোগ করে দিয়েছিলেন মেসি। যাঁদের পক্ষে টিকিট কেনা সম্ভব ছিল না, তাঁদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তিনি। লাতোরে দাবি করেন, ‘আমাকে বলা হয়েছে, অনেক মানুষকে মাঠে ঢুকে খেলা দেখার সুযোগ করে দিয়েছিলেন মেসি। তিনি নিজে টিকিট কিনে তাঁদের সাহায্য করেছেন।’

    তিনি আরও জানান, ‘অনেকেই তাঁর কাছে টিকিট চেয়েছিলেন। মেসি অনেক টিকিট কিনেছিলেন এবং যতটা সম্ভব সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন।’

    লাতোরের মতে, মেসি বিশেষ ভাবে সাহায্য করতে চেয়েছিলেন সেই সব মানুষকে, যাঁদের পক্ষে আর্থিক কারণে বিশ্বকাপ দেখা সম্ভব ছিল না। সেই তালিকায় ছিলেন কেপ ভের্দের গোলকিপার ভোজ়িনহার পরিবারের সদস্যরাও। সাংবাদিকের কথায়, ‘যাঁরা মাঠে যেতে পারতেন না, তাঁদের মধ্যে কয়েক জনকে তিনি নিজে নিয়ে গিয়েছিলেন। ভোজ়িনহার পরিবারের সদস্যরাও সেই সুযোগ পেয়েছিলেন। এই ঘটনাটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’

    জানা গিয়েছে, স্পেনের বিরুদ্ধে ফাইনাল দেখার জন্য ভোজ়িনহার পরিবারের চার সদস্যের টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি। ফলে তাঁরা গ্যালারিতে বসে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি উপভোগ করার সুযোগ পান।

    বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভের্দেকে ৩-২ গোলে হারিয়েছিল আর্জেন্তিনা। সেই ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করেছিলেন ভোজ়িনহা। একের পর এক অসাধারণ সেভ করে তিনি আর্জেন্তিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন।

    ম্যাচের পর ভোজ়িনহা ও মেসির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। দুই ফুটবলারের পারস্পরিক সম্মানও নজর কেড়েছিল সমর্থকদের। সেই সম্পর্কই পরে এই মানবিক উদ্যোগের অন্যতম কারণ হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

    উল্লেখযোগ্য বিষয় হলো, মেসি নিজে কখনও এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। বিশ্বকাপ চলাকালীনও বিষয়টি ক্যামেরার আড়ালেই ছিল। ফাইনালের পরই প্রথম এই গল্প সামনে আসে।

    FAQ

    প্রশ্ন: ভোজ়িনহার পরিবারের জন্য কী করেছিলেন মেসি?
    উত্তর: তিনি নিজের খরচে তাঁদের জন্য বিশ্বকাপ ফাইনালের টিকিটের ব্যবস্থা করেছিলেন।

    প্রশ্ন: ভোজ়িনহার পরিবারের কত জন সদস্য ফাইনাল দেখতে গিয়েছিলেন?
    উত্তর: চার জন সদস্য ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন।

    প্রশ্ন: কোন ম্যাচের পর মেসি ও ভোজ়িনহার সম্পর্ক গড়ে ওঠে?
    উত্তর: আর্জেন্তিনা ও কেপ ভের্দের শেষ ৩২-এর ম্যাচের পর।

    প্রশ্ন: এই তথ্য কে প্রকাশ্যে আনেন?
    উত্তর: আর্জেন্তিনার সাংবাদিক ইয়ানিনা লাতোরে এই দাবি করেন।

    প্রশ্ন: মেসি কি নিজে এই ঘটনার কথা প্রকাশ করেছিলেন?
    উত্তর: না, মেসি নিজে এ বিষয়ে কোনও প্রকাশ্য মন্তব্য করেন নি।
  • Link to this news (এই সময়)