• ডুরান্ড কাপের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী, থাকছে বিরাট অঙ্কের পুরস্কার
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • ফিফা বিশ্বকাপের উন্মাদনা এখনও পুরোপুরি ফিকে হয়নি। সেই আবেগ কি এ বার ডুরান্ড কাপের গ্যালারিতেও দেখা যাবে?

    বাঙালির ফুটবল আবেগকে নতুন করে জাগিয়ে তুলতে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ (Durand Cup)। আর টুর্নামেন্টের প্রথম দিনেই থাকছে মহারণ। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। এ বারের ডুরান্ড চলবে ২৩ অগস্ট পর্যন্ত। ২৪টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। টুর্নামেন্ট নিয়ে একাধিক বড় ঘোষণা করেছেন বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

    এ বার ডুরান্ড কাপে পুরস্কারের অঙ্ক আরও বাড়ানো হয়েছে। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, মোট ৩ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি পুরস্কার হিসেবে থাকবে তিনটি SUV গাড়িও। সবচেয়ে বড় নতুন সংযোজন স্থানীয় ফুটবলারদের জন্য বিশেষ পুরস্কার। ইন্দ্রনীল খাঁ বলেন, ‘প্রতিটি ভেন্যুতে স্থানীয় ফুটবলারদের জন্য বিশেষ স্পট পুরস্কার থাকবে। এটা এ বছরের নতুন উদ্যোগ। আমরা চাই স্থানীয় প্রতিভারাও তাঁদের প্রাপ্য সম্মান পান।’

    বিশ্বকাপে ব্যর্থতার পর মুখের গড়নই বদলে ফেললেন ভিনিসিয়াস, হয়ে উঠলেন আকর্ষণীয়, কী ভাবে?
    ডুরান্ড নিয়ে তাঁর আত্মবিশ্বাসও স্পষ্ট। ক্রীড়ামন্ত্রীর কথায়, ‘রসগোল্লার পর কলকাতার মানুষের সবচেয়ে বড় ভালোবাসা ফুটবল। বিশ্বকাপ শেষ হলেও ফুটবলের জ্বর এখনও কাটেনি। তাই ডুরান্ড শুরু করার জন্য এটাই সেরা সময়। আমার বিশ্বাস, এ বার ইতিহাসের অন্যতম সেরা ডুরান্ড কাপ হতে চলেছে।’

    ক্রীড়ামন্ত্রী দাবি করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডুরান্ড কাপের উদ্বোধনে আসতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ দেখিয়েছেন। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে তিনিই এ বারের ডুরান্ড কাপের উদ্বোধন করবেন।’

    এ বার কলকাতায় মোট ১৬টি ম্যাচ হবে। যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত হবে সেই ম্যাচগুলি। সমর্থকদের উদ্দেশে ইন্দ্রনীল খাঁ বলেন, ‘বিশ্বকাপে আমরা বিভিন্ন দেশের জন্য গলা ফাটিয়েছি। এখন সময় এসেছে ভারতীয় ফুটবলারদের জন্য গলা ফাটানোর। মাঠ ভরিয়ে তাঁদের উৎসাহ দিন। ভরা গ্যালারি একজন ফুটবলারের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়।’ তাঁর আশা, ডার্বি থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত গ্যালারি দর্শকে ভরে থাকবে।

    ডুরান্ডে দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, মাঠে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা থাকবে। তিনি বলেন, ‘পানীয় জলের মান নিয়ে কোনও আপস হবে না। আমিও সেই জল পরীক্ষা করে দেখব। মাঠে যারা থাকবেন, সবাই একই জল পান করবেন।’ এ ছাড়া যাতায়াতের সুবিধার জন্য পরিবহণ দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘দর্শকদের সুবিধার জন্য অতিরিক্ত বাস চালানোর বিষয়ে পরিবহণ দপ্তরের সঙ্গে কথা হয়েছে।’

    FAQ

    প্রশ্ন: এ বারের ডুরান্ড কাপে মোট ক’টি দল অংশ নিচ্ছে?
    উত্তর: এ বারের ডুরান্ড কাপে মোট ২৪টি দল অংশ নিচ্ছে।

    প্রশ্ন: উদ্বোধনী ম্যাচে কোন দুই দল মুখোমুখি হবে?
    উত্তর: ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি হবে।

    প্রশ্ন: এ বার ডুরান্ডে নতুন কী উদ্যোগ নেওয়া হয়েছে?
    উত্তর: প্রতিটি ভেন্যুতে স্থানীয় ফুটবলারদের জন্য স্পট পুরস্কার চালু করা হয়েছে।

    প্রশ্ন: মোট পুরস্কারের অঙ্ক কত?
    উত্তর: মোট ৩ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তিনটি এসইউভিও থাকবে পুরস্কার হিসেবে।

    প্রশ্ন: কলকাতায় কতগুলি ম্যাচ হবে?
    উত্তর: কলকাতায় মোট ১৬টি ম্যাচ আয়োজন করা হবে।

    প্রশ্ন: দর্শকদের জন্য কী বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে?
    উত্তর: পানীয় জলের বিশেষ ব্যবস্থা এবং যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে।

    ডার্বি দিয়ে শুরু, রেকর্ড পুরস্কার, স্থানীয় ফুটবলারদের জন্য বিশেষ সম্মান— সব মিলিয়ে এ বারের ডুরান্ড কাপকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। বিশ্বকাপের আবেগকে সঙ্গে নিয়েই কলকাতা আবার প্রস্তুত ফুটবলের মহা উৎসবে মেতে উঠতে।
  • Link to this news (এই সময়)