• আর স্ট্যাম্পিংয়ের ঝামেলা থাকল না, এ বার ডুরান্ড ডার্বির টিকিট ‘পেপারলেস’
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • ফিফা বিশ্বকাপ শেষ, কিন্তু ফুটবলের উৎসব এখনও থামেনি। এ বার সেই আবেগের মঞ্চ হতে চলেছে ডুরান্ড কাপ (Durand Cup)। জানেন কি ডুরান্ডের প্রথম ম্যাচে কোন দুই দল মুখোমুখি হচ্ছে?

    ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এ বারের ডুরান্ড কাপের পর্দা উঠছে বাঙালির সবচেয়ে বড় ফুটবল মহারণ দিয়ে। শনিবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। বিশ্বকাপের উন্মাদনা এখনও শহরের ফুটবলপ্রেমীদের মনে তাজা, আবেগের সেই ঢেউও থামেনি। সেই আবহকেই আরও তীব্র করতে হাজির ডুরান্ড কাপ। টুর্নামেন্ট শুরুর আগে বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর বার্তা, এ বার বিদেশি তারকাদের জন্য নয়, গলা ফাটানো হোক ভারতীয় ফুটবলারদের জন্য। ভরে উঠুক গ্যালারি, গর্জে উঠুক স্টেডিয়াম, আর ফুটবলের উৎসবে আবার মেতে উঠুক গোটা কলকাতা।

    আপনি কি ডার্বির টিকিট কেটেছেন? এ বার মাঠে ঢুকতে আর আগের মতো অতিরিক্ত ঝামেলা পোহাতে হবে না। এই ম্যাচের আগে দর্শকদের জন্য বড় স্বস্তির খবর দিলেন বাংলার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি জানিয়েছেন, এ বার টিকিট ব্যবস্থা অনেক সহজ করা হয়েছে।

    ডুরান্ড কাপের টিকিট ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই সমর্থকদের নানা অভিযোগ ছিল। বিশেষ করে অনলাইনে টিকিট কাটার পর আলাদা করে স্ট্যাম্প করানোর জন্য অনেককেই ভোগান্তিতে পড়তে হতো। এ বার সেই সমস্যার সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর দাবি, ‘অনলাইনে টিকিট কাটলেই সরাসরি মাঠে ঢুকতে পারবেন। আমরা প্রথমবার পেপারলেস টিকিট চালু করতে চলেছি। টিকিটে স্ট্যাম্প করানোর জন্য আর কোথাও যেতে হবে না। এতে সমর্থকদের ঝামেলা অনেকটাই কমবে।’ ফলে ডার্বির টিকিট হাতে থাকলেই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। আলাদা করে স্ট্যাম্প নেওয়ার জন্য আর ছোটাছুটি করতে হবে না।

    ডার্বির জন্য ইস্টবেঙ্গল ও মোহনবাগান— দুই ক্লাবকেই ৫,১০০টি করে টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। আয়োজকদের আশা, নতুন টিকিট ব্যবস্থার ফলে আরও বেশি সংখ্যক সমর্থক মাঠমুখী হবেন। ভরা গ্যালারির সামনে দুই প্রধানের লড়াই ডুরান্ডের উদ্বোধনী ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলবে। তবে দুই প্রধান এত কম টিকিট পেয়ে কিছুটা হতাশ। প্রতি বারই এই টিকিট বন্টন নিয়ে ঝামেলা হয়। মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু বলেন, ‘মরশুমের প্রথম ডার্বি, উন্মাদনা খুব বেশি। তাই টিকিটের চাহিদাও মারাত্মক। কী করে যে এত কম টিকিট দিয়ে বিশাল চাহিদা সামলাব, জানি না। সেই নিয়ে আমরা আলোচনা করছি।’ মোহনবাগান প্রেসিডেন্ট দেবাশিস দত্ত অবশ্য বলেন, ‘গতবারও যা দিয়েছিল, এ বারও তাই দিয়েছে, কমিয়ে দেয়নি, আমাদের তাই আর বলার কিছু নেই।’ জানা গিয়েছে, পাঁচ হাজার একশো টিকিট পেয়ে খুশি নয় ইস্টবেঙ্গলও।

    মঙ্গলবার (২১ জুলাই) থেকেই ডার্বির টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। BookMyShow অ্যাপ এবং ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে। টিকিটের দাম যথাক্রমে ২৫০. ৩০০ এব ৩৫০ টাকা। যাঁরা অফলাইনে টিকিট কিনতে চান, তাঁদের জন্য বুধবার (২২ জুলাই) থেকে শুক্রবার (২৪ জুলাই) পর্যন্ত অফলাইন টিকিট বিক্রি করা হবে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ময়দান তাঁবুতে সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেওয়া হবে।

    FAQ

    প্রশ্ন: ডুরান্ড কাপে টিকিট ব্যবস্থায় কী পরিবর্তন হয়েছে?
    উত্তর: অনলাইনে টিকিট কাটলেই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।

    প্রশ্ন: টিকিটে স্ট্যাম্প করানোর প্রয়োজন হবে কি?
    উত্তর: না, এ বার আর স্ট্যাম্প করানোর জন্য আলাদা করে কোথাও যেতে হবে না।

    প্রশ্ন: নতুন নিয়মে দর্শকদের কী সুবিধা হবে?
    উত্তর: টিকিট যাচাইয়ের জন্য অতিরিক্ত ঝামেলা কমবে এবং সরাসরি মাঠে প্রবেশ করা যাবে।

    প্রশ্ন: ইস্টবেঙ্গল ও মোহনবাগান কতগুলি করে টিকিট পাবে?
    উত্তর: দুই ক্লাবই ৫,১০০টি করে টিকিট পাবে।

    প্রশ্ন: ডুরান্ড কাপের প্রথম ম্যাচ কোন দুই দলের মধ্যে?
    উত্তর: ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে।
  • Link to this news (এই সময়)