• ফের ‘রাত দখল’ কর্মসূচি! দেশজুড়ে ‘রাত জাগো, দেশ জাগো’-র ডাক এসএফআইয়ের
    eTV Bharat | ২৩ জুলাই ২০২৬
  • কলকাতা, 22 জুলাই: ফের রাতভর আন্দোলনের ডাক দিল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) । চলমান ছাত্র-আন্দোলনের সমর্থনে আগামী 24 জুলাই দেশজুড়ে ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচির ঘোষণা করেছে এসএফআই । বুধবার দিল্লিতে সংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির কথা জানান এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ।

    তিনি বলেন, ‘‘চলমান আন্দোলনের সংহতিতে আগামী 24 জুলাই দেশজুড়ে জনতার কাছে রাস্তায় সারারাত জেগে থাকার আহ্বান জানাচ্ছে এসএফআই । ‘রাত জাগো, দেশ জাগো’ আমাদের আহ্বান।” একই সঙ্গে তিনি দাবি করেন, ভারতের প্রথম ছাত্র সংগঠন হিসেবে 24 জুলাই দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । এই কর্মসূচিতে অন্যান্য ছাত্র ও গণসংগঠনগুলিকেও পাশে থাকার আহ্বান জানাচ্ছি ।’’

    শুধু তাই নয়, আগামী 25 ও 26 জুলাই দেশজুড়ে পুলিশের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে এসএফআই । ছাত্রদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে এই কর্মসূচি । এতে, ব্যঙ্গাত্মক প্রতীক হিসেবে ওই দু'দিন বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীদের ‘রিটার্ন গিফট’ হিসেবে মেলোডি চকলেট দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

    ইতিমধ্যে, দেশের শিক্ষা ব্যবস্থার সংকটের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমস্ত বিরোধী সাংসদদের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) । যাতে সংসদের বাদল অধিবেশনে জোরালোভাবে এই বিষয়টি উত্থাপন করা হয় । সংগঠনের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সজি এবং সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য দাবি করেছেন, কেন্দ্রের ধারাবাহিক ব্যর্থতার ফলে দেশের শিক্ষা ব্যবস্থা নজিরবিহীন সংকটের মুখে পড়েছে । বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁস, ইউজিসি-নেট পরীক্ষায় অনিয়ম, দ্বাদশ শ্রেণির ফল প্রকাশে অসঙ্গতি এবং পরীক্ষা পরিচালনায় জাতীয় পরীক্ষা সংস্থা-র ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে ।

    এসএফআইয়ের অভিযোগ, এক লক্ষেরও বেশি সরকারি স্কুল বন্ধ বা মিশে যাওয়ার কারণে গ্রামীণ ও প্রান্তিক এলাকার পড়ুয়ারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন । সার্বিক ভাবে, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন । তাই সংসদে শিক্ষা সংকট নিয়ে আলোচনা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র বিলুপ্তির দাবি জানাতে সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছে এসএফআই ।
  • Link to this news (eTV Bharat)