কলকাতা, 21 জুলাই: প্রয়াত প্রাক্তন নন্দন অধিকর্তা অংশু শূর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 83 বছর। বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানেই মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সদ্যপ্রয়াত অংশু শূরের শেষকৃত্য সম্পন্ন হয় আজ কেওড়াতলা মহাশ্মশানে। উপস্থিত ছিলেন মঞ্চ ও পর্দার বিশিষ্ট ব্যক্তিত্ব গৌতম হালদারের স্ত্রী চৈতি হালদার, সৌমিত্র মিত্র। সৌমিত্রবাবু সংবাদ মাধ্যমে জানান যে, অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন তিনি। ওঁর ভাই প্রলয় শূর ছিলেন খ্যাতনামী অধ্যাপক এবং লেখক। নিজের ক্ষমতার বাইরে গিয়ে অংশুদা সবাইকে সাহায্য করতেন।
1946 সালে ও পার বাংলার পৈতৃক ভিটে ছেড়ে মাত্র চার বছর বয়সে কলকাতায় পা রাখেন অংশ শূর। উচ্চশিক্ষার পর তিনি প্রথমে ডব্লিউবিসিএস অফিসার হিসাবে পেশাজীবন শুরু করেন। দ্বিতীয় ভাগে প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একান্ত সচিব ছিলেন। 1995 সালে নন্দনের অধিকর্তা হিসাবে যোগ দেন তিনি। এরপর 1996 সালে তিনিই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করেছিলেন।
12 বছর ধরে নন্দন-এর অধিকর্তার পদ সামলেছেন তিনি। তাঁর পরিশ্রমেই নন্দন শহরের প্রধান সাংস্কৃতিক ও চলচ্চিত্রকেন্দ্রে পরিণত হয়। কলকাতাকে বিশ্বমানের ছবি দেখার প্রথম সুযোগ করে দিয়েছিলেন তিনিই। এছাড়া, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রথম দিকের আড্ডা ও বিশেষ আসরের আয়োজকও ছিলেন তিনি। আজ তাঁর প্রয়াণে শোকের আবহ ৷ শহর তিলোত্তমায় আজও নন্দন সাংস্কৃতিক ও চলচ্চিত্রকেন্দ্রের অন্যতম প্রাণ ৷