ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন এলাকার ক্যান্টিন বাজার,স্টেশন রোডের পাশে রেলের জায়গা খালি করতে বুধবার রাতের অন্ধকারে চলল বুলডোজ়ার। কয়েকশো দোকানদারের দোকান ভাঙা পড়েছে বলে খবর।
যন্তর মন্তরের প্রতিবাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো দিল্লির অ্য়াডিশনাল ডিসিপি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বাকে। ককরোচ জনতা পার্টির সোমবারের 'চলো সংসদ' অভিযানের সময়ে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিক্ষোভকারী এক মহিলাকে চড় মারার অভিযোগ ওঠে। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায়। সূত্রের খবর, তার জেরেই দিল্লি, আন্দামান ও নিকোবর আইল্যান্ড পুলিশ সার্ভিসের অফিসার সন্দীপকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
অযোধ্যার রামমন্দিরের দু'টি গুরুত্বপূর্ণ নিয়োগ পিছিয়ে গেল। সূত্রের খবর, মন্দিরের চিফ এগজিকিউটিভ অফিসার ও ট্রাস্টের নতুন তিন সদস্যের নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি বুধবারের বৈঠকে। ওই বৈঠকের সভাপতিত্ব করেন মন্দির কমিটির চেয়ারম্যান নিত্যগোপাল দাস। এসবিআই-এর কর্মীদের অনুদান গোনার পদ্ধতি নিয়ে বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয় বলে সূত্রের খবর। মন্দির কমিটির পরবর্তী বৈঠক হবে ২ সেপ্টেম্বর। সেখানে চিফ এগজিকিউটিভ অফিসার ও ট্রাস্টের নতুন তিন সদস্যের নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের ১১টি জেলা বন্যা কবলিত। মঙ্গলবার মাঝরাত থেকে থেকে বুধবার পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। শিবসাগর ও জোরহাট জেলায় ছয় জন মারা গিয়েছেন। চারাইদেওয়ে মৃত্যু হয়েছে দু'জনের। কারবি আংলং এবং ধেমাজি জেলায় দু'জন মারা গিয়েছেন। এ নিয়ে চলতি বছরে বন্যায় মৃতের সংখ্য়া বেড়ে হলো ৪১। আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে সতর্কতা আবহাওয়া দপ্তরের।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ শিক্ষা ব্যবস্থার সুরক্ষা সংক্রান্ত এক দফা দাবি নিয়ে যন্তর মন্তরে অনড় আন্দোলনকারীরা। বিক্ষোভের আঁচ গোটা দিল্লিতেই। এই আবহে নিরাপত্তা কারণে বৃহস্পতিবারও বন্ধ রাখা হলো দিল্লির ১৬টি মেট্রো স্টেশন। লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখম্ভ রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, কেন্দ্রীয় সচিবালয়, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম স্টেশনে সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা।
বহু বাধা পেরিয়ে অবশেষে সিনেমা হলে মুক্তি পাচ্ছে অভিনেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের নতুন ছবি ‘জন নায়গণ’। সেই উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনে ভোর থেকেই ভিড় জমিয়েছেন তাঁর অনুরাগীরা। চলছে নাচ-গান।