আচমকা এসটিএফের হানা, নীল-সাদা ট্যাক্সি ঘিরে তোলপাড়! যা উদ্ধার হল, দেখে আঁতকে উঠবেন
News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
নিশ্চিন্দায় পুলিশের সহযোগিতায় এসটিএফের বড় সাফল্য। ট্যাক্সি থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে বালি সংলগ্ন নিশ্চিন্দা থানা এলাকায় যৌথ অভিযান চালাল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও নিশ্চিন্দা থানার পুলিশ। এই সফল অভিযানে একটি নীল-সাদা রঙের ট্যাক্সি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার কার্যচালায়। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নীল-সাদা ট্যাক্সিকে আটক করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ২৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল, তিনটি ৭ এমএম পিস্তল এবং একটি দেশি বন্দুক।
আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ যে গাড়ি থেকে উদ্ধার হয়, সেই গাড়িটির চালক রাজেশ কানোয়ার নামের এক ব্যক্তি। বরানগর অশোকগড়ের বাসিন্দা। এসটিএফ আধিকারিরা গাড়িটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি ট্যাক্সিচালককে জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থে আটক করে। এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথায় এবং কোন উদ্দেশ্যে এবং কোথা থেকে আনা হচ্ছিল, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।
এর পেছনে কোনও বড়সড় বেআইনি অস্ত্র পাচার চক্র যুক্ত রয়েছে কি না, কিংবা শহরের বুকে কোনও বড় অপরাধ ঘটানোর পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনার মূল চক্রীদের চিহ্নিত করতে ইতিমধ্যে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ ও এসটিএফ। ঘটনার সামনে আসতেই থমথমে গোটা এলাকা। ঘটনার পর থেকে আরও সক্রিয় হয়েছে পুলিশ।