১৫ অগাস্টের মধ্যে ৮ হাজার টোটোয় বসছে এই বিশেষ কিউআর কোড, বড় পদক্ষেপ মালদহ পুলিশের
News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
: মালদহ শহরে টোটো চলাচলে শৃঙ্খলা আনতে বড় পদক্ষেপ নিল জেলা পুলিশ। এবার থেকে বৈধ টোটো চালকদের জন্য কিউআর কোড-যুক্ত বিশেষ সূচনাপত্র বাধ্যতামূলক করা হয়েছে। এই সূচনাপত্র ছাড়া রাস্তায় টোটো নিয়ে নামলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। পাশাপাশি আগামী দিনে ধাপে ধাপে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করার কথাও স্পষ্ট জানিয়েছেন মালদহ জেলা পুলিশ সুপার অনুপম সিং।
এদিন জেলা ট্র্যাফিক পুলিশের উদ্যোগে মালদহ শহরের রথবাড়ি মোড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০ জন বৈধ টোটো চালকদের হাতে কিউআর কোড-যুক্ত সুচনা পত্র তুলে দেওয়া হয়। যেখানে চালকের নাম, মোবাইল নম্বর, আধার নম্বর এবং টোটোর নিবন্ধন সংক্রান্ত তথ্য সংরক্ষিত উল্লেখ রয়েছে। মালদহ জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, “বর্তমানে মালদহ শহরে টোটোর সংখ্যা শহরের ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। এর ফলে যানজটের পাশাপাশি একাধিক প্রশাসনিক সমস্যাও তৈরি হচ্ছে। বহু অবৈধ টোটো শহরে চলাচল করছে, অনেক ক্ষেত্রে একজন ব্যক্তি একাধিক টোটো কিনে ভাড়ায় চালাচ্ছেন। এমনকি অপ্রাপ্তবয়স্করাও টোটো চালিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে, যা উদ্বেগের বিষয়। তাই এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বৈধ টোটো চালককে কিউআর কোড-যুক্ত সূচনাপত্র দেওয়া হবে।
তিনি আরও জানান, “মালদহ শহরে প্রায় ৮ হাজার বৈধ টোটো চালকদের এই সূচনাপত্র প্রদান করা হবে। আগামী ১৫ অগাস্টের মধ্যে সূচনাপত্র প্রদান সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয় হয়েছে। এর মূল উদ্দেশ্য বৈধ টোটো চিহ্নিত করা। ট্র্যাফিক পুলিশ কিউআর কোড স্ক্যান করেই সহজে চালক ও গাড়ির সমস্ত তথ্য যাচাই করতে পারবে এবং যানবাহনের উপর নজরদারি আরও সহজ হবে।”
এছাড়াও জনসাধারণের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে আগামী দিনে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো চলাচল ধাপে ধাপে সম্পূর্ণ নিষিদ্ধ করার কথাও জানিয়েছেন পুলিশ সুপার। জেলা পুলিশের এই উদ্যোগে একদিকে যেমন টোটো পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, অন্যদিকে মালদহ শহরের যানজট নিয়ন্ত্রণে এনে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি প্রশাসনের।