ডুরান্ড কাপে ডার্বির আগে টিকিট নিয়ে নতুন নিয়ম, কী জানালেন ক্রীড়ামন্ত্রী?
আজ তক | ২৩ জুলাই ২০২৬
সবে শেষ হয়েছে বিশ্বকাপ। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে কাপ উঠেছে স্পেনের হাতে। তাই বাঙালির মনে এখনও ফুটবল ফিভার চলছে। আর এমন পরিস্থিতিতে ঘরোয়া ফুটবলের ডুরান্ড কাপ নিয়ে একটা সেরা খবর সামনে এল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানালেন, এবার পেপারলেস টিকিট নিয়েই সরাসরি কলকাতা মাঠে ঢোকা যাবে। কোনও ফিজিক্যাল টিকিট লাগবে না।
আসলে ২৫ জুলাই, শনিবার শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। প্রথম ম্যাচে একে অপরের বিপরীতে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। বিকেল ৫টায় শুরু হবে খেলা। আর সেই ডার্বির আগেই সেরা খবর দিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি জানালেন, এখন থেকে সরাসরি পেপারলেস টিকিট নিয়েই মাঠে প্রবেশ করা যাবে। কোনও ফিজিক্যাল টিকিটের প্রয়োজনই নেই।
আগে কী নিয়ম ছিল?
ডুরান্ড কাপের ম্যাচের টিকিট আগে অনলাইনেই কাটা যেত। তবে সেই টিকিট কেটে সরাসরি মাঠে প্রবেশ করা যেত না বলেই খবর। বরং সেই টিকিট নিয়ে যেতে হতো মহামেডান বা মোহনবাগান মাঠে। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অনলাইন টিকিটের কিউআর কোড দেখিয়ে ফিজিক্যাল টিকিট কাটতে হতো। সেই ফিজিক্যাল টিকিটই দেখাতে হতো মাঠে। তারপর মাঠে ঢোকা যেত। আর সেই নিয়মেই এবার বদল আসছে বলে জানালেন ক্রীড়ামন্ত্রী। তাই এবার থেকে আর ডুরান্ড কাপের অনলাইন টিকিট কেটে পেপারলেস টিকিট নিতে মাঠে যেতে হবে না। বরং অনলাইনের টিকিট নিয়ে সরাসরি মাঠে ঢোকা যাবে।
এই প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, 'ডুরান্ড কাপের আগে দর্শকদের জন্য সুখবর রয়েছে। আর অনলাইন টিকিট নিয়ে এদিক বা ওদিক দৌড়াতে হবে না। আমরা এই প্রথম পেপারলেস টিকিট টালু করছি। এখন থেকে অনলাইন টিকিট নিয়েই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।'
কবে শুরু টুর্নামেন্ট?
এই সপ্তাহের শনিবার থেকে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ। এবার মোট ২৪টি দল প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। ২৩ অগাস্ট অবধি চলবে টুর্নামেন্টে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আর সেই ম্যাচ নিয়ে ইতিমধ্য়েই পারদ চড়ছে। যতদূর জানা যাচ্ছে, এবারের কাপ নিয়ে আগ্রহী স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজেই এই কাপের উদ্বোধন করতে পারেন। যদিও বিষয়টা নিয়ে এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। বরং একটু অপেক্ষা করতে হবে।