সক্রিয় ঘূর্ণাবর্ত, কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির দাপট; কতদিন চলবে দুর্যোগ?
আজ তক | ২৩ জুলাই ২০২৬
ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ রাজ্যের বহু জেলায়। দফায় দফায় বৃষ্টি হচ্ছে। কখনও ঝমঝমিয়ে নামছে বর্ষা। কখনও আবার টিপ টিপ করে জল পড়ছে। আর এমন আবহাওয়া বৃহস্পতিবার, গোটা দিন চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। তাই আর সময় নষ্ট না করে আজকের আবহাওয়ার আপডেট জেনে নিন। পাশাপাশি জেনে নিন এই দুর্যোগ কতদিন চলবে।
কেন বৃষ্টি?
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত সহ মোট পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এছাড়া অ্যাক্টিভ হয়েছে মৌসুমি অক্ষরেখাও। যার জেরে বৃষ্টির দাপট বাড়ছে। এমনকী কোথাও কোথাও ঝড়ের দেখা মিলছে।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। কখনও জোরে, কখনও হালকা বৃষ্টি চলছে। আর এমন আবহাওয়া আজ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও মাঝেমধ্যে সূর্যের দেখা মিললেও মিলতে পারে। কিন্তু সেই কারণে বৃষ্টির থেকে রেহাই নেই। তাই আজ কাজে যাওয়ার সময় অবশ্যই মনে করে ছাতাটা ব্যাগে নিয়ে নেবেন।
দক্ষিণবঙ্গে কী হবে?
কলকাতার মতোই হাল থাকবে দক্ষিণবঙ্গের অন্য়ান্য জেলার। প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণের অন্যান্য জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
শুক্রবারও বৃষ্টি
শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বিশেষত হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
উত্তরবঙ্গে কী হবে?
বেশ কিছু দিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আর সেই ধারা এখনও বজায় থাকবে বলে খবর। তবে খুব একটা ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত উত্তরবঙ্গে নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যদিও রবিবার থেকে উত্তরবঙ্গে বদলে যেতে পারে পরিস্থিতি। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
কতদিন দুর্যোগ?
দক্ষিণবঙ্গে মোটামুটি ২৬ জুলাই পর্যন্ত চলতে পারে এমন আবহাওয়া। উত্তরবঙ্গে অবশ্য আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এরপরও আবহাওয়ার আপডেট মিলতে পারে।