NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সদস্য ও সমর্থকদের বিক্ষোভের জেরে দিল্লিতে মেট্রো রেলের ১৬টি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে DMRC। ওই ১৬টি স্টেশনের মধ্য়ে রয়েছে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনও। এই ব্যাপারে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন কর্তৃপক্ষকে বৃহস্পতিবার সকালে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এ দিন দুপুরের মধ্য়ে সুপ্রিম কোর্ট স্টেশন খোলা না হলে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি প্রধান বিচারপতির।
এ দিন সকালে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন বন্ধের বিষয়টি প্রধান বিচারপতি সূর্য কান্তকে জানান সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং। তিনি জানান, ওই মেট্রো স্টেশন বন্ধ থাকার ফলে সুপ্রিম কোর্টের আইনজীবী, কর্মী এবং বিচারপ্রার্থীরা সময়মতো আদালতে পৌঁছতে পারছেন না। তাঁরা দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট জানান, সকাল সাড়ে সাতটা থেকে ওই মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। তা জানার পরেই DMRC কর্তৃপক্ষকে চূড়ান্ত হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।
NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষার ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে ২০ জুলাই থেকে 'চলো সংসদ' কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি। আন্দোলন সামিল হয়েছেন বহু পড়ুয়া এবং সাধারণ মানুষও। প্রশ্নফাঁসের প্রতিবাদে ২৫ দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে গত সোমবার। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
সূত্রের খবর, অপ্রীতিকর ঘটনা এড়াতে সেন্ট্রাল দিল্লির অনেক মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন DMTC কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, লোক কল্য়াণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বড়াখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, খান মার্কেট, ইন্দ্রপ্রস্থ, জোড় বাগ, শিবাজী স্টেডিয়াম স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।
সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন বন্ধ থাকায় আইনজীবী, আদালতের কর্মী ও বিচারপ্রার্থীদের যাতায়াতে সমস্যা হওয়ায় DMRC-কে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি।
তিনি জানিয়েছেন, দুপুরের মধ্যে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন খুলতে হবে। তা না হলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে।
NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভের জেরে নিরাপত্তার কারণে দিল্লি মেট্রোর একাধিক স্টেশনের সঙ্গে সুপ্রিম কোর্ট স্টেশনও বন্ধ রাখা হয়।
বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং জানান, স্টেশন বন্ধ থাকায় আইনজীবী, কর্মী ও মামলাকারীরা সময়মতো আদালতে পৌঁছতে পারছেন না এবং চরম ভোগান্তির মুখে পড়েছেন।
যন্তর মন্তরের বিক্ষোভের জেরে দিল্লি মেট্রোর মোট ১৬টি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।