এ বার ইডির দপ্তরে মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র। বুধবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মদনের ছোট ছেলে শুভরূপ মিত্র। আজ, বৃহস্পতিবার হাজিরা দিলেন বড় ছেলে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এ দিন তাঁকে তলব করা হয়। মদন মিত্রের দুই ছেলের পাশাপাশি মদনের স্ত্রী অর্চনা মিত্রকে তলব করেছে ইডি। অন্য দিকে ২৯ জুলাই মদনকেও হাজিরা দিতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় আজ ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন মদন মিত্রর ছেলে স্বরূপ মিত্র। বুধবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মদনের ছোট ছেলে শুভরূপ মিত্র। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এ দিন তাঁকে তলব করা হয়।
মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র কামারহাটির রাজনীতির ময়দানে পরিচিত মুখ হলেও, তাঁর বড় ছেলে স্বরূপকে খুব একটা দেখা যায় না। এ দিন কালো রঙের টয়োটায় চেপে সিজিও কমপ্লেক্সে পৌঁছন স্বরূপ। গাড়ির গায়ে ব্যাটম্যানের লাল স্টিকার। দু’হাত ট্যাটুতে ঢাকা। শার্টের কলারের ফাঁক দিয়েও উঁকি দিচ্ছে গলার উল্কি। কানে তিনটি দুল। দু’হাতের আঙুলেই নানা রকমের পাথর বসানো আংটি। যত্ন করে ছাঁটা কেতাদুরস্ত গোঁফ। অনবরত চিবিয়ে চলেছেন কিছু একটা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরূপ জানান, ইডি তাঁর কাছে ব্যাঙ্কের কিছু নথি দেখতে চেয়েছে। সেগুলি নিয়ে এসেছেন। তাঁর অ্যাকাউন্ট থেকে কোনও হিসাব বহির্ভূত লেনদেন হয়নি বলেও দাবি করেন তিনি।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভা ও টিটাগড় পুরসভা ইডির স্ক্যানারে। সুপারিশের মাধ্যমে ১২৫ জনের নিয়োগের তথ্য পেয়েছে ইডি। আর সুপারিশের ক্ষেত্রে মদনের নাম ইডির স্ক্যানারে। ইডি এই অভিযোগের সত্যতা যাচাই করতে চায়। জানতে চায়, কে এই সুপারিশ করেছিলেন? কীসের বিনিময়ে এই সুপারিশ করা হয়েছিল? টাকা নাকি অন্য কিছু?
২৯ জুলাই ডাকা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। তার আগে পর পর তিন দিন পরিবারের তিন সদস্যকে তলব করা হয়েছে। বুধবার ছোট ছেলে শুভরূপ, বৃহস্পতিবার বড় ছেলে স্বরূপ আর শুক্রবার ডাকা হয়েছে মদন-পত্নী অর্চনাকে।
স্বরূপ মিত্র কে এবং কেন তিনি ইডির দপ্তরে হাজিরা দিলেন?
তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্রের বড় ছেলে। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন।
মদন মিত্রের পরিবারের আর কাদের তলব করা হয়েছে?
মদনের দুই ছেলের পাশাপাশি তলব করা হয়েছে স্ত্রীকেও। ২৯ জুলাই ডাকা হয়েছে মদন মিত্রকে।
এই মামলায় ঠিক কী অভিযোগ?
কামারহাটি ও টিটাগড় পুরসভায় সুপারিশের মাধ্যমে ১২৫ জনের নিয়োগ হয়েছে বলে জানতে পেরেছে ইডি। সেই সুপারিশের সঙ্গে মদন মিত্রের নাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
ইডির নজরে কোন কোন অ্যাকাউন্ট রয়েছে?
মদন মিত্রের স্ত্রী ও ছেলেদের তিনটি অ্যাকাউন্ট ইডির নজরে রয়েছে, যেগুলির নির্দিষ্ট সময়ের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
পুরনিয়োগ দুর্নীতি মামলাটি কীভাবে সামনে এসেছিল?
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অয়ন শীলের বাড়ি থেকে নথি উদ্ধারের সূত্র ধরেই রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ-দুর্নীতির অনুমান করে ইডি এবং ECIR দায়ের করে তদন্ত শুরু করে।