• রাস্তা আটকে ২১ জুলাইয়ের সভা, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা লালবাজারের
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের এক দিকের লেনে সভা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল সেই নির্দেশ অমান্য করেছে, এমন অভিযোগ তুলে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা রুজু করল কলকাতা পুলিশ।

    লালবাজার সূত্রে খবর, সভার উদ্যোক্তা এবং আহ্বায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এই মামলা রুজু হয়েছে। পুলিশের অভিযোগ, কালীঘাট তৃণমূল ক্যাথিড্রাল রোডের দুই লেন জুড়েই সভায় করায় যান চলাচল ব্যাহত হয়। তার প্রভাব শহরের নানা অংশে পড়েছে। নানা জায়গায় যানজট তৈরি হয়। কিন্তু আদালত স্পষ্ট জানিয়েছিল, রাস্তায় এক দিকে সভা করতে হবে। অন্য লেনটি খোলা রাখতে হবে গাড়ি চলাচলের জন্য, যাতে যানজট না হয়। এই সুস্পষ্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও তা কালীঘাট তৃণমূল তা অমান্য করেছে বলেই দাবি করেছে পুলিশ।

    এই অভিযোগের প্রেক্ষিতে মমতাপন্থী তৃণমূলের সমাবেশের আয়োজক ও উদ্যোক্তাদের বিরুদ্ধে রাস্তা আটকে সভা এবং আদালত অবমাননার মামলা রুজু হয়েছে বলেই খবর লালবাজার সূত্রে।

    প্রসঙ্গত, ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে শুরু থেকেই নানা জট ছিল। কালীঘাট তৃণমূল ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। পরে পুলিশ জানায়, তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দেবে না। বিকল্প জায়গায় হিসেবে হাজরা মোড় এবং ব্রিগেড ময়দানের কথা বলা হয়। উচ্চ আদালতও জানিয়ে দেয়, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা যাবে না। আদালতে শুনানির সময়ে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে চার বিকল্প জায়গার কথা বলা হয়। তার ভিত্তিতে হাইকোর্ট জানিয়ে দেয়, শর্ত মেনে তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। পুলিশের অভিযোগ, উদ্যোক্তারা সেই শর্ত মানেননি।

  • Link to this news (এই সময়)