কর্ণসুবর্ণে দুর্ঘটনার পরেই বড়সড় পদক্ষেপ রেলের, লেভেল ক্রসিং তুলতে নয়া প্রস্তাব রাজ্যের কাছে
News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
কর্ণসুবর্ণতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার গোবিন্দপুর দুর্ঘটনা পর বিশেষ নজরদারি রেলের। গত শুক্রবার মুর্শিদাবাদের গোবিন্দপুরে রেলগেটে ঘটে যায় ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। কেটে গিয়েছে সাতদিন। ভবিষ্যতে এই দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তারজন্য দুর্ঘটনাগ্রস্থ ২৪এ/২ নম্বর রেলগেট তুলে দিয়ে ওখানে সাবওয়ে তৈরির প্রস্তাব রাজ্যকে পাঠনো হচ্ছে।
জানা গিয়েছে, গত শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ খাগড়াঘাট ও কর্ণসুবর্ণ স্টেশনের মাঝে গোবিন্দপুর রেলগেটে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা মারে পড়ুয়া ভর্তি একটি পুলকারকে। ভয়াবহ সেই রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে চারজনই শিশু। আহত হয়েছেন আরও পাঁচজন। এদিন সকালে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে মুর্শিদাবাদে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্ঘটনার দিন রেলের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছিল।
রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার গোবিন্দপুর গ্রামে সেই ক্ষতিপূরণের চেক পরিবারের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার রাজ্যের গনশিক্ষা প্রসার, গ্রন্থাগার পরিষেবা দফতরের মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। ভবিষ্যতে এই দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তারজন্য দুর্ঘটনাগ্রস্থ ২৪এ/২ নম্বর রেলগেট তুলে দিয়ে ওখানে সাবওয়ে তৈরির প্রস্তাব রাজ্যকে পাঠনো হচ্ছে বলে জানান এক আধিকারিক।
তিনি বলেন, ‘কর্ণসুবর্ণ সেকশনে তিনটি রেলগেট তুলে দিয়ে সাবওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে রেলের। বছর দুয়েক আগেই প্রস্তাবিত দুটি সাবওয়ের কাজ হয়ে যেত। সেই কাজ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় রেলের ঠিকাদারদের। এবার গোবিন্দপুরের প্রস্তাব পাঠানো হয়েছে। নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেলেই আশা করি তিনটি সাবওয়েই তৈরি হয়ে যাবে।’ সুযোগ পেলে গ্রামবাসীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে গোবিন্দপুর লেভেলক্রশিং তুলে দিয়ে সাবওয়ে তৈরির প্রস্তাব দেন রাঙামাটি চাঁদপাড়া গ্রামের মানুষ।