• ২ দিন স্কুলে অনুপস্থিত, বন্ধ ঘর থেকে উদ্ধার রসায়নের শিক্ষক 'আফগান স্যার'-এর মরদেহ
    News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
  • : পর পর দুই দিন স্কুলে অনুপস্থিত শিক্ষক। আর তারই মাঝে বৃহস্পতিবার সকাল থেকে সিউড়ির ইন্দিরা পল্লী এলাকায় ছড়াতে শুরু করে তীব্র দুর্গন্ধ। পচা গন্ধে এলাকায় টেকা দায় হয়ে উঠলে কৌতূহলী স্থানীয় বাসিন্দারা খোঁজখবর শুরু করেন। আর তাতেই সামনে আসে এক মর্মান্তিক সত্য, বন্ধ ঘরের ভিতরে পড়ে রয়েছে ওই শিক্ষকেরই পচাগলা মৃতদেহ!

    মৃত শিক্ষকের নাম মহঃ শেরশাহ আফগান (৫৫), এলাকায় যিনি ‘আফগান স্যার’ নামে পরিচিত ছিলেন। তিনি সিউড়ির বীরভূম জেলা স্কুলের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। আফগান স্যার সিউড়ির স্থায়ী বাসিন্দা নন, তাঁর বাড়ি রেজিনগরে। কর্মসূত্রে দীর্ঘদিন সিউড়িতে থাকলেও প্রায় এক মাস আগেই তিনি ইন্দিরা পল্লীর এই বাড়িটিতে এসেছিলেন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার থেকেই ওই বাড়ির আশেপাশে হালকা দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল, যা বৃহস্পতিবার সকালে তীব্র আকার ধারণ করে। এদিকে শিক্ষক কেন দুই দিন ধরে স্কুলে যাচ্ছেন না, তা জানতে বৃহস্পতিবার সকালে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে খোঁজ নিতে আসেন। তখনই বন্ধ ঘরের ভিতর পচাগলা দেহ দেখতে পান তাঁরা এবং বিষয়টি পুলিশে জানান।

    খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। আচমকা এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)