• চারচাকার ধাক্কায় বাইকে আগুন, কাজ সেরে ফেরার পথে প্রাণ গেল যুবকের! আশঙ্কাজনক আরও ২
    News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
  • কাজ সেরে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক পরিণতি! চার চাকা ও বাইকের মুখোমুখি সংঘর্ষের পর আগুন লেগে গেল বাইকে। ঘটনাস্থলে প্রাণ গেল এক যুবকের, গুরুতর আহত আরও ২। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের কালিয়াচক থানার কলেজ মোড় এলাকায়। সংঘর্ষের তীব্রতার জেরে মোটরবাইকটিতে আগুন ধরে যায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক। আহতরা আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

    পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দেবাশীষ মণ্ডল (২৬)। আহতরা হলেন অলক (১৯) ও বিপ্লব (১৮)। তিনজনেরই বাড়ি বৈষ্ণবনগর থানার ওল্ড ১৭ মাইল কালীমন্দির এলাকায়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে কাজ সেরে একটি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন তিনজন। কালিয়াচক থানার কলেজ মোড় এলাকায় পৌঁছতেই একটি চার চাকা গাড়ির সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরবাইকটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবাশীষ মণ্ডলের। গুরুতর জখম হন আরও ২ জন।

    দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অলক ও বিপ্লবকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মৃতের আত্মীয় মিঠুন মণ্ডল জানান, “তিনজনই কাজ সেরে বাড়ি ফিরছিল। কলেজ মোড় এলাকায় একটি চার চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

    দুর্ঘটনায় ঘটনাস্থলেই দেবাশীষের মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে আসি। প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে আহত দু’জনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁদের অবস্থা অত্যন্ত সংকটজনক।” ঘটনায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চার চাকা গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সঙ্গে সংঘর্ষে জড়াল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)