• হাসপাতাল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, বীরভূমে নার্সের রহস্যমৃত্যু
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • বীরভূমের সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত নার্সের নাম অনুশ্রী মাল (২১)। কী কারণে নার্সের মৃত্যু সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাত প্রায় ৮টা নাগাদ ওই নার্স ডিউটিতে যোগ দেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের তিন নম্বর কেবিনের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় কর্মীদের। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে।

    পুলিশের তরফে মৃত নার্সের পরিবারকে খবর দেওয়া হয়। নার্সের বাবা অনুপকুমার মাল বলেন, ‘ও কাল রাতে ডিউটিতে গিয়েছিল। আমি এ দিন সকালে পাঁচ-ছয়বার ফোন করেও পাইনি। পরে হাসপাতালে আসি। দু’ঘণ্টা ধরে দরজা ভাঙার চেষ্টা হয়েছে। এতটাই অব্যবস্থা এই হাসপাতালে। এখানে কে কাজ করতে আসবে?’ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলেন তিনি। পরিবারের দাবি, বুধবার রাতে সিসিটিভিতে স্বাভাবিক অবস্থাতেই দেখা গিয়েছে ওই নার্সকে। এর পরেও ওই নার্স কী করে আত্মহত্যার পথ বেছে নিল, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

    অন্য দিকে, হাসপাতালের কর্ণধার জয়প্রকাশ খৈতান বলেন, ‘ও মাস পাঁচ-ছয়েক আগে এই হাসপাতালে কাজে যোগ দেয়। মাঝে একবার কাজ ছেড়েও দিয়েছিল। কাল রাতে ও ডিউটিতে ছিল। রোগী না থাকায় ও নিজের ঘরে ছিল। একাই ছিল। কেন এই ঘটনা ঘটালো সেটা পুলিশ তদন্ত করে দেখুক।’

  • Link to this news (এই সময়)