নদিয়ার গ্রাম পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটির অফিসগুলিতে সরকারি নির্দেশে জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংরক্ষণের অভিযান চালাল পুলিশ
দৈনিক স্টেটসম্যান | ২৩ জুলাই ২০২৬
গ্রাম পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটির অফিসগুলি থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংরক্ষণ করতে চলেছে রাজ্য পুলিশ। দিনকয়েক আগেই জন্ম-মৃত্যু শংসাপত্রে জালিয়াতি রুখতে নতুন নিয়ম জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এবার ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র খতিয়ে দেখতে বৃহস্পতিবার নদিয়া জেলায় শুরু হলো অভিযান।
নদিয়া জেলার কল্যাণী, গয়েশপুর, হরিণঘাটা পৌরসভা সহ কল্যাণী বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতে শুরু হয় পুলিশের অভিযান।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্কুল সার্টিফিকেটের ক্ষেত্রে অনেক ভুয়ো বার্থ সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। যত তথ্য রয়েছে সব নিয়ে স্ক্যান করে রেজিস্টারকে ফেরত দেওয়া হবে। স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, সরকারি নির্দেশে এই বার্থ সার্টিফিকেট যাচাই শুধুমাত্র একটা নিয়ম। দুর্নীতি মুক্ত করতে এই পদক্ষেপ। সরকারি আধিকারিকরাই এটা যাচাই করেছেন। কোনও চুক্তিভিত্তিক কর্মী যাচাই করেননি।